যুক্তরাষ্ট্রে শপিং মলে এলোপাতাড়ি গুলি
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি শপিং মলে গতকাল মঙ্গলবার একজন বন্দুকধারীর গুলিতে কমপক্ষে দুজন নিহত হয়েছে। পরে আত্মহত্যা করেন ওই বন্দুকধারী। গতকাল মঙ্গলবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দিন উপলক্ষে গতকাল ওই শপিং মলে কেনাকাটার ধুম পড়েছিল। স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে সাদা মুখোশ পরা এক ব্যক্তি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে শপিং মলের ভেতর অতর্কিতে ঢুকে তৃতীয় তলায় ফুড কোর্টের সামনে গিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়। আহত অন্যজনকে কাছের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর গুলিতে আত্মহত্যা করে ওই বন্দুকধারী। এ ঘটনায় আতঙ্কিত ক্রেতারা দিগ্বিদিক ছুটোছুটি শুরু করে। অনেকে শপিং মলের বিভিন্ন দোকান ও বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। পরে পুলিশ ও জরুরি টিকিত্সক দলের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বের করে আনেন।ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। বন্দুকধারীর পরিচয় জানা যায়নি। চলতি বছর কলোরাডো অঙ্গরাজ্যের একটি সিনেমা হলে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ছবির প্রদর্শনীর সময় বন্দুকধারীর গুলিতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়।