যুক্তরাষ্ট্রে শিখমন্দিরে গুলিতে নিহত ৭
যুক্তরাষ্ট্রের উইসকনসিনে গতকাল রোববার শিখদের একটি মন্দিরে বন্দুকধারীদের গুলিতে এক বন্দুকধারীসহ অন্তত সাতজন নিহত হয়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়। হতাহতের এ ঘটনায় প্রেসিডেন্ট বারাক ওবামা দুঃখ প্রকাশ করেছেন।কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরে বলা হয়, ঘটনাস্থলে এক হামলাকারী অতর্কিতে পুলিশের একজন সদস্যের ওপর গুলি ছোড়ে। পরে পুলিশের দ্বিতীয় কর্মকর্তার পাল্টা গুলিতে ওই হামলাকারী নিহত হয়। উইসকনসিনের মিলওয়াউকি শহরতলির ওক ক্রিকে শিখদের মন্দিরে রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ সদস্যসহ আরও তিনজনের অবস্থা গুরুতর। পরে স্থানীয় এক টেলিভিশনের খবরে বলা হয়, অন্য এক শহরতলিতে পুলিশের গাড়ি দেখা গেছে। এফবিআই (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) ও বোমা স্কোয়াডের সদস্যরা মন্দির থেকে আড়াই মাইল উত্তরের ওই শহরতলির এক বাড়িতে তল্লাশি করেছেন। পুলিশ ধারণা করছে, হামলাকারী একজনই। এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারী ছিল একাধিক। রোববার সন্ধ্যায় নিহত ব্যক্তিদের স্মরণে প্রার্থনায় শত শত মানুষ মোমবাতি নিয়ে রাস্তায় বের হয়। মাত্র দুই সপ্তাহ আগে কলোরাডোর এক সিনেমা হলে এক বন্দুকধারীর গুলিতে ১২ ব্যক্তি নিহত হয়।