যুক্তরাষ্ট্রে সন্দেহভাজন গুপ্তচরেরা স্বীকার করলেন তাঁরা রুশ
যুক্তরাষ্ট্রে গুপ্তচর সন্দেহে যে ১০ জনকে গ্রেপ্তার করা হয় তাঁদের দুজন স্বীকার করেছেন তাঁরা রাশিয়ার নাগরিক। অভিশংসকদের উদ্ধৃত করে বিবিসি অনলাইন আজ শনিবার এ তথ্য জানায়।আদালতের নথি অনুযায়ী মাইকেল জোট্টোলি ও প্যাট্রিসিয়া মিলস বলেন, তাঁদের প্রকৃত নাম হচ্ছে মিখাইল কুতজিক ও নাতালিয়া পেরেভের্জেভা।এ দুজন ছাড়াও মিখাইল সেমেনকো নামে তৃতীয় একজন সন্দেহভাজন গুপ্তচর গতকাল শুক্রবার ভার্জিনিয়ার একটি আদালতে এক সংক্ষিপ্ত শুনানির সময় উপস্থিত ছিলেন। জানা গেছে, জুয়ান লাজারো নামের আরেক ব্যক্তিও অভিশংসকদের কাছে স্বীকার করেছেন যে তিনি রাশিয়ার গোয়েন্দা সংস্থার জন্য কাজ করতেন।গ্রেপ্তারকৃত এই ১০ জনের বিরুদ্ধে একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। এটি গুপ্তচরবৃত্তির চেয়ে ছোট অপরাধ কিন্তু এর জন্য পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এর আগে এ ঘটনাপ্রবাহ ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ক্রমেই ঘনিষ্ঠ হয়ে ওঠা সম্পর্ক আবার শীতল হয়ে যেতে পারে—এই আশঙ্কাকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তেমন গুরুত্ব দেননি।মস্কো প্রথমে এ ঘটনায় ক্রোধ প্রকাশ করলেও পরে বলে, এ বিষয়টি দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না। মস্কো এটাও নিশ্চিত করে যে, গ্রেপ্তারকৃতদের অন্তত কয়েকজন রাশিয়ার নাগরিক। কিন্তু রুশ সরকার এর বেশি কোনো তথ্য জানায়নি।অভিশংসকেরা বলেন, মাইকেল জোট্টোলি ও প্যাট্রিসিয়া মিলস ছদ্মনামে যে দম্পতি ভার্জিনিয়ায় বাস করতেন তাঁদের পাসপোর্টগুলো জাল এবং তাঁদের কাছে নগদ প্রায় এক লাখ ডলার ছিল। ওয়াশিংটন, ডিসির পাশেই আরলিংটন থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয়। সেখানে তাঁরা দুটি শিশুসন্তানসহ বাস করতেন।আদালত মাইকেল জোট্টোলি, প্যাট্রিসিয়া মিলস ও মিখাইল সেমেনকোকে জেলে আটক রাখার নির্দেশ দেন এবং আগামী বুধবার তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রাথমিক শুনানির দিন ধার্য করেন। সেমেনকো একটি স্থানীয় রুশ ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ভুয়া পরিচয় ব্যবহারের অভিযোগ আনা হয়নি।এদিকে গত বৃহস্পতিবার নিউইয়র্কে সাংবাদিক ভিকি পেলেজকে জামিনে মুক্তি দেওয়া হয়। তার আগে বিচারক বলেন, পেলেজ একজন মার্কিন নাগরিক এবং তিনি গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নিয়েছেন বলে মনে হয় না।অবশ্য বিচারক এই নির্দেশ দেন, পেলেজকে মঙ্গলবারের আগে মুক্তি দেওয়া যাবে না, যাতে অভিশংসকেরা যদি চান তবে আপিল করার সময় পান। এই ১০ জনকে সম্ভাব্য অর্থপ্রদানকারী ক্রিস্টোফার মেটসোস গত বুধবার সাইপ্রাসে পালিয়ে যান। সাইপ্রাসের বিচারমন্ত্রী বলেছেন, মেটসোস ওই দ্বীপরাষ্ট্র থেকেও অন্য কোথাও পালিয়ে গেছেন।