যুক্তরাষ্ট্রে সমলিঙ্গের দম্পতিদের জন্য গ্রিনকার্ড চালু
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো সমলিঙ্গের দম্পতিদের গ্রিনকার্ড দেওয়া শুরু হয়েছে। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে বসবাসরত বুলগেরীয় নাগরিক ট্রাইয়ান পপব (৪১) গত শুক্রবার তাঁর গ্রিনকার্ড অনুমোদনের চিঠি পেয়েছেন।১৫ বছর আগে ছাত্র ভিসায় পপব যুক্তরাষ্ট্রে আসেন। তিনটি মাস্টার্স ডিগ্রি নেওয়ার পর ফ্লোরিডার সাউদার্ন ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানে পিএইচডি করছেন তিনি। রাজ্য পর্যায়ে বৈধতা পাওয়ার পর গত বছর নিউইয়র্কে সমলিঙ্গের জুটি জুলিয়ান মার্শকে (৫৫) বিয়ে করেন পপব।দাম্পত্য সম্পর্কের সূত্রে যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড ও নাগরিকত্ব পাওয়ার নিয়ম আছে। ফেডারেল সরকার সমলিঙ্গের দাম্পত্যকে বৈধতা দেয়নি এখনো। এ কারণেই সমলিঙ্গের বিদেশিরা বৈবাহিক সম্পর্কের সূত্রে অভিবাসন সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছেন, দাম্পত্য বিচারে ফেডারেল সরকার নাগরিকদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।সুপ্রিম কোর্টের এ আদেশের পরই মার্কিন অভিবাসন বিভাগ সমলিঙ্গের দম্পতিদের আবেদন দ্রুত অনুমোদন শুরু করেছে। টাইরান পপবের গ্রিনকার্ড অনুমোদনের মধ্য দিয়ে মার্কিন অভিবাসনে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করা হচ্ছে। অভিবাসন বিভাগের অনুমোদন সংবাদ পাওয়ার পর টাইরান পপব বলেছেন, ‘নিজেকে মুক্ত মানুষ বলে মনে হচ্ছে।’ এবার স্বাধীনভাবে চাকরি খুঁজতে পারবেন বলে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।নিউইয়র্কে বৈধ হলেও ফ্লোরিডা অঙ্গরাজ্যে সমলিঙ্গের দাম্পত্যকে এখনও স্বীকৃতি দেওয়া হয়নি। ফ্লোরিডায় সমলিঙ্গের দাম্পত্য অধিকারের জন্য নাগরিক আন্দোলনে যোগ দেবেন বলেও জানিয়েছেন পপব-মার্শ দম্পতি।