যুক্তরাষ্ট্রে সুপার টিউসডে আজ
আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সুপার টিউসডে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশীরা আজ ১০টি রাজ্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনের ফলাফলই নির্ধারণ করবে আগামী নভেম্বর মাসে রিপাবলিকান দলের হয়ে কে লড়বেন বারাক ওবামার বিরুদ্ধে।যুক্তরাষ্ট্রের আলাস্কা, জর্জিয়া, ইদাহো, ম্যাসাচুসেটস, নর্থ ডাকোটা, ওহাইয়ো, ওকলাহোমা, টেনেসি, ভারমন্ট ও ভার্জিনিয়ায় প্রাইমারি ও ককাস প্রার্থীদের ভোট অনুষ্ঠিত হবে।২০০৮ সালে অনুষ্ঠিত সুপার টিউসডের মধ্য দিয়ে তাত্পর্যপূর্ণভাবে শেষ হয় রিপাবলিকান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। ওই নির্বাচনের মধ্য দিয়েই ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনি ধরাশায়ী হন এবং সিনেট সদস্য জন ম্যাককেইন রিপাবলিকান দল থেকে তাঁর মনোনয়ন নিশ্চিত করেন।চার বছর পর আজ আবারও রমনি এ প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলেন। এবারে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের ভোটে তিনিই সবচেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্কিন সিনেটের সাবেক সদস্য রিক সান্তোরাম। এ ছাড়া মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ ও টেক্সাসের আইনপ্রণেতা রন পলও আজ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।