যুক্তরাষ্ট্রে সোনিয়া গান্ধীর সফল অস্ত্রোপচার
যুক্তরাষ্ট্রে চিকিত্সারত ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধীর (৬৪) সফল অস্ত্রোপচার হয়েছে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়েছে। দলটির মুখপাত্র জনার্দন দ্বিবেদী আজ শুক্রবার দ্য টাইমস অব ইন্ডিয়াকে এ কথা জানিয়েছেন।দ্বিবেদী আরঢ জানান, সোনিয়া গান্ধী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দলীয় সূত্রে জানানো হয়েছে, অস্ত্রোপচারের পর পুরোপুরি সুস্থ হয়ে উঠতে সোনিয়াকে দুই-তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হতে পারেন। সোনিয়া বিদেশে অবস্থানকালে কংগ্রেসের দৈনন্দিন কাজ পরিচালনার জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রাহুল গান্ধীও রয়েছেন।গতকাল বৃহস্পতিবার কংগ্রেস দলের মুখপাত্র জনার্দন জানান, চিকিত্সকের পরামর্শে অস্ত্রোপচারের জন্য সোনিয়া যুক্তরাষ্ট্র গেছেন। অস্ত্রোপচারের কারণ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। গত সোমবার লোকসভার নতুন অধিবেশনে সোনিয়ার অনুপস্থিতি ভারতীয় সংবাদমাধ্যমের নজরে আসে। দলের পক্ষ থেকে এ ব্যাপারে বলা হয়, তিনি ভাইরাসজনিত সংক্রমণে ভুগছেন।