যুক্তরাষ্ট্রে স্থায়ী হচ্ছেন বেকহাম-ভিক্টোরিয়া
মার্কিন মুলুকেই থিতু হতে চলেছেন ব্রিটিশ তারকা দম্পতি ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া বেকহাম। ইতিমধ্যেই যুক্তরাজ্য ও ফ্রান্সে এ তারকা দম্পতি তাঁদের বিলাসবহুল দুটি বাড়ি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৯৯ সালে গাঁটছড়া বাঁধার কিছুদিন পর ব্রিটেনের হার্টফোর্ডশায়ারে আড়াই মিলিয়ন পাউন্ড ব্যয় করে ২২ একর আয়তনের বিশাল একটি ম্যানশন কিনেছিলেন ডেভিড বেকহাম ও ভিক্টোরিয়া। পরবর্তী সময়ে তাঁরা বাড়িটিকে অনেকটা প্রাসাদের মতো করেই গড়ে তোলেন। এখানে এখন চিড়িয়াখানা, টেনিস কোর্ট, ইনডোর ও আউটডোর পুল, স্টুডিও এবং ব্যায়ামাগারও রয়েছে। লন্ডনের বাকিংহাম প্যালেসের সঙ্গে তুলনা করে অনেকেই এ বাড়িটিকে ‘বেকিংহ্যাম প্যালেস’ নামেও ডাকেন। সম্প্রতি বাড়িটি ১৮ মিলিয়ন পাউন্ডে বিক্রির বন্দোবস্ত করেছেন বেকহাম দম্পতি। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি দলে যোগ দেন ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকহাম। তখন থেকেই তিনি সপরিবারে লস অ্যাঞ্জেলেসে বসবাস শুরু করেন। কয়েক বছর ধরেই ব্রিটেনের বাড়িটি বিক্রির চেষ্টা করছিলেন বেকহাম জুটি। কিন্তু আশানুরূপ দাম না ওঠায় তাঁরা অপেক্ষা করছিলেন। অবশেষে এবার ১৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বাড়িটি বিক্রির সিদ্ধান্ত পাকাপাকি করে ফেলেছেন তাঁরা।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ডেইলি মিরর জানিয়েছে, ‘লস অ্যাঞ্জেলেসই এখন বেকহাম পরিবারের ঠিকানা। তাঁদের সন্তানেরা তো এখানেই বেড়ে উঠছেন। ব্রিটেনের বাড়িটি পুনর্নিমাণের পেছনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন ডেভিড-ভিক্টোরিয়া। বাড়িটির দাম ১৮ মিলিয়ন পাউন্ড উঠলেও, বড় অঙ্কের ক্ষতিতেই বিক্রি করতে হচ্ছে এটি।’২০০৩ সালে আড়াই মিলিয়ন পাউন্ড ব্যয়ে ফ্রান্সেও একটি বাড়ি কিনেছিলেন ডেভিড-ভিক্টোরিয়া। সাত বেডরুমের বিলাসবহুল সেই বাড়িটিও বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অবশ্য যুক্তরাজ্য থেকে শিকড় পুরোপুরি উপড়ে ফেলতে চাইছেন না ভিক্টোরিয়া। এ জন্য সেখানে ছোটখাটো একটি অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন তিনি। এরই মধ্যে লন্ডনের হাইড পার্ক এলাকায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট দেখেও ফেলেছেন। সেগুলোর মধ্য থেকেই পছন্দসই একটি অ্যাপার্টমেন্ট চলতি বছরের শেষ নাগাদ কিনে ফেলবেন সাবেক এই ‘স্পাইস গার্লস’ তারকা।