যুক্তরাষ্ট্রে স্নোডেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচি ফাঁস করে দেওয়া ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চরবৃত্তি ও সরকারি সম্পত্তি চুরির অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালতে এই অভিযোগ করা হয়। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, ১৪ জুন স্নোডেনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হলেও গতকাল শুক্রবার তা প্রকাশ করা হয়েছে।মে মাসে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে মার্কিন সরকারের গোপন নজরদারি কর্মসূচি ফাঁস করে দিয়ে দেশ ছেড়ে হংকংয়ে পালিয়ে যান স্নোডেন। যুক্তরাষ্ট্র তাঁকে হংকং থেকে ফেরত আনার প্রক্রিয়াও শুরু করেছে বলে জানা গেছে। এডওয়ার্ড স্নোডেনের বিরুদ্ধে যে তিনটি অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণিত হলে প্রতিটির জন্য তাঁর ১০ বছর করে সাজা হতে পারে।স্নোডেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় অভিনন্দন জানিয়েছেন ডেমোক্রেটিক দলের সিনেটর বিল নেলসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সব সময় মনে করি যে স্নোডেনের কাজটি বিশ্বাসঘাতকতা। আশা করি, হংকং সরকার স্নোডেনকে আটক করে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত পাঠাবে।’এদিকে গত বুধবার বহু মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, হংকং থেকে আইসল্যান্ডে স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের জন্য মধ্যস্থতা করছেন তিনি।