যুক্তরাষ্ট্রে ২৫ জন তরুণ-তরুণীর একজন আত্মহত্যার চেষ্টা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ২৫ জন তরুণ-তরুণীর মধ্যে একজন আত্মহত্যার চেষ্টা করে। আর আত্মহত্যা নিয়ে চিন্তা করে প্রতি আটজনের একজন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নতুন একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।গবেষক দলের সদস্য মনোবিদ ম্যাথু নক বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মতে, আত্মহত্যা নিয়ে চিন্তাটা প্রথম আসে বয়ঃসন্ধিকালে। এই বয়সটা তাই বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।’ সাড়ে ছয় হাজার তরুণ-তরুণীর সাক্ষাত্কারের ভিত্তিতে গবেষণাটি তৈরি করা হয়েছে। এছাড়াও গবেষণাটি তৈরিতে সহায়তা করেছে মা-বাবাকে পাঠানো প্রশ্নের উত্তর। গবেষণায় দেখা যায়, শতকরা ১২ জন তরুণ-তরুণী আত্মহত্যা নিয়ে চিন্তা করে। আত্মহত্যার পরিকল্পনা করে ৪ শতাংশ আর ৪ শতাংশ আত্মহত্যার চেষ্টা চালায়। আত্মহত্যার চেষ্টা কিংবা যারা এ নিয়ে চিন্তা-ভাবনা করে তারা কোনো না কোনোভাবে মানসিকভাবে অসুস্থ অথবা মাদকাসক্ত।রয়টার্সকে দেওয়া এক সাক্ষাত্কারে ম্যাথু নক বলেন, ‘যারা আত্মহত্যার চিন্তা করে বা ঝুঁকিতে রয়েছে, তাদের চিকিত্সা দেওয়া হচ্ছে। কিন্তু আমরা জানি না কীভাবে তাদের এ প্রবণতা থেকে থামাব বা এ প্রবণতা থেকে তাদের বের করে আনার কোনো চিকিত্সা পদ্ধতি আমাদের জানাও নেই।’তবে এই গবেষণা থেকে বেরিয়ে আসা অনেক প্রশ্নেরও উত্তর এখনও অজানা বলেও গবেষকরা স্বীকার করেছে।