যুক্তরাষ্ট্রে ৩০ গভর্নরকে জঙ্গিদের চিঠি
যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ জঙ্গিগোষ্ঠী ৩০ জনের বেশি রাজ্যের গভর্নরকে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে পদত্যাগের দাবি করেছে। অন্যথায় তাঁদের পদত্যাগে বাধ্য করা হবে। ‘গার্ডিয়ানস অব দ্য ফ্রি রিপাবলিকস’ পরিচয় দিয়ে একটি সংগঠনের নামে ডাকযোগে ও ফ্যাক্সে এসব চিঠি পাঠানো হয়। বিষয়টি জানার পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।কথিত গার্ডিয়ানসের ওয়েবসাইটে দাবি করা হয়, মার্কিন সরকারের পতনের লক্ষ্যে এটি তাদের প্রথম ধাপ মাত্র। যুক্তরাষ্ট্রকে ‘সত্যিকার গণপ্রজাতন্ত্রী’ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে তারা অহিংস এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় কাজ করার পরিকল্পনা করছে। এতে বলা হয়, তারা শান্তিপূর্ণভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের পুনর্গঠন চায়। সংগঠনটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শাসনব্যবস্থার বিরোধী।ডেপুটি চিফ অব স্টাফ লিন হেট্রিক বলেন, প্রশাসনিক কর্মকর্তারা কয়েক দিন আগে চিঠির বিষয়টি এফবিআইকে জানান। শুক্রবার পর্যন্ত ৩০ জনের বেশি গভর্নর চিঠি পেয়েছেন। গার্ডিয়ানস অব দ্য ফ্রি রিপাবলিকসের অনুসারী দাবি করে গত শুক্রবার বিলি রে হল নামে একজন টেলিফোন সাক্ষাত্কারে বলেন, ‘সবকিছু আইনমতো হচ্ছে। এ আন্দোলনে কারও কোনো ক্ষতি করা হবে না। আমাদের কাজ ভালোভাবেই চলছে।’ তিনি বলেন, ‘৫০ জন গভর্নরের কাছেই চিঠি পাঠানো হয়েছে।’মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কোনো জঙ্গি বা চরমপন্থী সংগঠন এ চিঠি দিতে পারে। এ গোষ্ঠী সরকারবিরোধীও হতে পারে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও গোয়েন্দা সংস্থা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (এফবিআই) চিঠির ঘটনার তদন্ত শুরু করছে। সব রাজ্যের গভর্নরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নাশকতার আশঙ্কায় রাজ্যের রাজধানীতে সতর্কাবস্থা জারি করা হয়েছে। মূলত শ্বেতাঙ্গ জঙ্গিরা এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির যৌথ বিবৃতিতে বলা হয়, ‘প্রাথমিক তদন্তে চিঠির বিশ্বাসযোগ্যতা পাওয়া যায়নি। তাত্ক্ষণিক হামলা হতে পারে—এমন কোনো আভাসও পাওয়া যায়নি। তার পরও আমরা বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। সংশ্লিষ্ট অঙ্গরাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি।’বার্তা সংস্থা এএফপি নিরাপত্তাবাহিনী ও বিভিন্ন অঙ্গরাজ্যের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, গার্ডিয়ানস অব দ্য ফ্রি রিপাবলিকসের নামে গভর্নরদের পদত্যাগের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়। অন্যথায় তাঁদের অপসারণ করা হবে বলে চিঠিতে হুমকি দেওয়া হয়। তবে চিঠিতে কোনো সহিংস পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়া হয়নি। ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর রবার্ট ম্যাকডোনাল্ড, আরকানসাসের ডেমোক্রেটিক গভর্নর মাইক বেবেসহ মিশিগান, লুইজিয়ানা, ওকলাহোমা, কলোরাডো, মেইন, রোড আইল্যান্ড, উইসকনসিন, নেভাদাসহ ৩০টিরও বেশি অঙ্গরাজ্যের গভর্নর এমন চিঠি পেয়েছেন। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর হলিউডের অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগার এ ধরনের কোনো চিঠি পাননি। নেভাদার গভর্নর জিম গিবনসের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাঁর চিফ অব স্টাফ রবিন রেডি। তিনি জানান, ‘ডাকযোগে আসা ওই চিঠিতে এক ব্যক্তির স্বাক্ষরও দেওয়া আছে।’ চিঠিতে নতুন ব্যবস্থায় শপথ নিতে গভর্নরদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়। আরকানসাসের গভর্নর মাইক বেবের মুখপাত্র ম্যাট ডিক্যাম্পেল বলেন, চিঠিতে প্রথমে গভর্নরকে পদত্যাগ করতে বলা হয়। তারা এ অঙ্গরাজ্যে তাদের নিজস্ব আইন চালু করতে চায়। চিঠিতে বলা হয়, ওই আইনে গভর্নর রাজি থাকলে তাঁকে আবার ওই পদে নিয়োগ দেওয়া হবে।