যুক্তরাষ্ট্রেও শাহবাগের সঙ্গে একাত্ম প্রবাসী বাংলাদেশিরা
একাত্তরে মানবতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রেও সমাবেশ করছেন প্রবাসী বাংলাদেশিরা। তাঁরা শাহবাগে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। সমাবেশে প্রবাসীরা বলেন, ঢাকার শাহবাগে জেগে থাকা নতুন প্রজন্মই এখন বাংলাদেশের প্রাণ। নরঘাতকদের সর্বোচ্চ শাস্তি এবং দেশকে রাজাকারমুক্ত করা এখন সময়ের দাবি।একই সঙ্গে ঐতিহাসিক এই গণজাগরণের সময় দেশের লড়াকু প্রজন্মের সঙ্গে না থাকতে পারার আক্ষেপ ছিল তাঁদের মুখে।প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে গত শনিবার বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীরা জড়ো হন। এ সময় তাঁদের হাতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ছিল। সামাজিক সংগঠন ‘দৃষ্টিপাত’-এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সমাবেশে ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডে বসবাসরত প্রবাসীরা যোগ দেন। ওয়াশিংটন ডিসিতে সংহতি সমাবেশ করেছেন প্রবাসী প্রজন্ম। শাহবাগ চত্বরের সঙ্গে সংহতি জানিয়ে নিউইয়র্কের ব্রুকলিন, জ্যাকসন হাইটস ও অ্যাস্টোরিয়ায় সংহতি সমাবেশ হয়েছে। নিউইয়র্ক সময় রোববার বিকেলে জ্যাকসন হাইটসে বড় ধরনের সংহতি সমাবেশের প্রস্তুতি চলছে।