যুক্তরাষ্ট্রের আরকানসাসে বন্যায় ১৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পশ্চিম আরকানসাস অঙ্গরাজ্যে শুক্রবার রাতে একটি ক্যাম্প এলাকায় (অবকাশ বা রাত কাটানোর এলাকা) বন্যার তোড়ে অন্তত ১৬ জন ঘুমন্ত ব্যক্তি মারা যান এবং অজ্ঞাতসংখ্যক নিখোঁজ হন। রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ এ সংবাদ জানায়।কর্তৃপক্ষ জানায়, প্রবল বর্ষণে লিটল মিসৌরি নদীর জলসীমা ২০ ফুট বেড়ে যাওয়ায় এক প্রবল জলস্রোত কূল ছাপিয়ে অ্যালবার্ট পাইক ক্যাম্প এলাকায় তাঁবুতে ঘুমন্ত লোকজনকে ডুবিয়ে দেয় ও ভাসিয়ে নিয়ে যায়। আরকানসাসের জরুরি অবস্থা ব্যবস্থাপনা বিভাগের একজন মুখপাত্র বলেন, বন্যায় নিহতের সংখ্যা এর আগে ঘোষিত ২০ জন থেকে ১৬ জনে নামিয়ে আনা হয়। তিনি আরও বলেন, ‘কর্মকর্তারা নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা বলতে পারছেন না, কেননা আমরা জানি না, ঠিক কত জন লোক সেখানে ছিলেন।’টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা যায়, কুটিরগুলো সব ভগ্নস্তূপে পরিণত হয়েছে এবং ভ্রাম্যমাণ বাড়ি (মোবাইল হোম) ও গাড়িগুলো পানির তোড়ে উল্টে পড়ে আছে।আরকানসাস অঙ্গরাজ্যের পুলিশ বিভাগের মুখপাত্র বিল স্যাডলার জানান, গত রাতে প্রচুর বৃষ্টি হয় এবং ক্যাম্প এলাকার পাশে নদীর পানি খুব দ্রুত বেড়ে যায়।রাজ্য জরুরি অবস্থা নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র শাদ স্টোভার জানান, সন্ধান ও উদ্ধার তত্পরতা চলছে। তিনি নিহত ব্যক্তিদের মধ্যে কোনো শিশু আছে কি না, তা নিশ্চিত করতে পারেননি। অবশ্য এর আগে প্রচারিত সংবাদে কয়েকটি শিশুর মৃত্যুর কথা বলা হয়েছিল। স্টোভার জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত নিহত ও নিখোঁজ ব্যক্তিদের বয়স সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।