যুক্তরাষ্ট্রের আশা, বাংলাদেশ নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেবে
বাংলাদেশ সরকার দেশটির সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল আজ মঙ্গলবার এ মন্তব্য করেছেন। তিনি তাঁর দপ্তরে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এখন কেমন, যে সময় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটিতে সফরে আছেন? এমন প্রশ্নের জবাবে প্যাট্রিক ভ্যানট্রেল বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসা আমাদের সন্তুষ্ট করছে। তবে সাম্প্রতিক বিক্ষোভের সময় ৭০ জনের বেশি মানুষের প্রাণহানি আমাদের মর্মাহত করেছে। হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলার খবরের ব্যাপারে আমরা অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে যাব। শান্তিপূর্ণ প্রতিবাদ যে মৌলিক অধিকার, এ ব্যাপারে আমরা উত্সাহ জুগিয়ে যাব। সেই সঙ্গে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতা সমাধানের পথ নয়। তাই আমরা সব বাংলাদেশিকে অব্যাহতভাবে এটা বলেই উত্সাহিত করতে চাই যে, তাঁরা শান্তিপূর্ণভাবে তাঁদের মতামতের বহিঃপ্রকাশ ঘটাবেন। সেই সঙ্গে আমরা এটাও দেখতে চাই যে, বাংলাদেশ সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।’