যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নতুন আইন প্রণয়ন
লাতিন আমেরিকার সঙ্গে ইরানের ক্রমবর্ধমান সুসম্পর্কে বাধা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন আইন প্রণয়ন করেছে। প্রেসটিভি জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল শুক্রবার ‘কাউন্টারিং ইরান ইন ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার অ্যাক্ট ২০১২’ বা ‘পশ্চিম গোলার্ধে ইরানকে প্রতিরোধে আইন ২০১২’ শিরোনামের আইনে স্বাক্ষর করেছেন।প্রেসিডেন্টের অনুমতির পর লাতিন আমেরিকায় ইরানের বিদ্বেষপূর্ণ উপস্থিতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের কৌশল কী হতে পারে, তা নির্ধারণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় মাসের সময় পাবে।নতুন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অনেকগুলো সংস্থাকে নিয়ে একটি যৌথ কর্মকৌশল ও পরিকল্পনা হাতে নেবে। এসব পরিকল্পনার মূল লক্ষ্য হবে ইরান ও তার মিত্রদের একঘরে করা।এ বছরের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সন্ত্রাসবাদবিরোধী পররাষ্ট্রবিষয়ক উপকমিটি এ আইনের খসড়া করেছিল।ইরান লাতিন আমেরিকার দেশগুলোতে তার দূতাবাসের সংখ্যা বাড়িয়ে চলেছে। ২০০৫ সালে মাত্র পাঁচটি দেশে ইরানের দূতাবাস ছিল; এ বছর তা বেড়ে ১১ হয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নকে ইরান তার পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে। গত এক দশকে বিভিন্ন কারণে লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি হচ্ছে। এসব দেশ এখন ইরানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছে। তাই বিষয়টি যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়াচ্ছে। এ বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার দেশগুলোকে এই বলে হুঁশিয়ার করেছিল, ইরানের সঙ্গে সুসম্পর্ক কারও জন্য কল্যাণ বয়ে আনবে না।