যুক্তরাষ্ট্রের উত্তর উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন আইরিন
যুক্তরাষ্ট্রের উত্তর উপকূলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আইরিন। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির ছয়টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে এ খবর জানানো হয়েছে।জরুরি অবস্থা জারি করা রাজ্যগুলোর মধ্যে রয়েছে নর্থ ক্যারোলিনা, মেরিল্যান্ড, ভার্জিনিয়া, দিলাওয়ারি, নিউ জার্সি ও নিউইয়র্ক।আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী, ঘূর্ণিঝড়টি নর্থ ক্যারোলিনার দিকে এগিয়ে আসছে। শনিবার বিকেলের দিকে ওই রাজ্যে আইরিন আঘাত হানতে পারে। প্রেসিডেন্ট বারাক ওবামা নর্থ ক্যারোলিনায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন।কর্তৃপক্ষ দিলাওয়ার, মেরিল্যান্ড, নিউ জার্সি ও নর্থ ক্যারোলিনার অংশ বিশেষ থেকে জনগণকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ঘূর্ণিঝড়টি এখন বাহামাস দ্বীপ অতিক্রম করছে। ইতিমধ্যে তা ক্যারিবিয়ানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে।