যুক্তরাষ্ট্রের উৎসবে ‘গহীনে শব্দ’ পেল চারটি পুরস্কার
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আরভিন শহরে অনুষ্ঠিত হলো ‘সাইলেন্ট রিভার চলচ্চিত্র উৎসব’। এবার এই উৎসবে তিনটি পুরস্কার পেয়েছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি গহীনে শব্দ। পুরস্কার তিনটি হলো: শ্রেষ্ঠ পরিচালক (খালিদ মাহমুদ মিঠু), শ্রেষ্ঠ অভিনেতা (মাসুম আজিজ) ও শ্রেষ্ঠ শিশুশিল্পী (শিরোপা পূর্ণা)। এর এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত থার্ড ওয়ার্ল্ড ইনডিপেন্ডেন্ট চলচ্চিত্র উৎসবে সেরা ছবির পুরস্কার পেয়েছে গহীনে শব্দ। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে পুরস্কারপ্রাপ্তির অনুভূতি এবং অভিজ্ঞতা তুলে ধরেন খালিদ মাহমুদ মিঠু। তাঁর সঙ্গে ছিলেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। আরও উপস্থিত ছিলেন মাসুম আজিজ, শিরোপা পূর্ণাসহ ছবির অন্য কলাকুশলীরা। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আরও নয়টি আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে গহীনে শব্দ।ম্যারিয়ট হোটেলে গত ১৬ সেপ্টেম্বর সাইলেন্ট রিভার চলচ্চিত্র উৎসবের পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছে ২০টি দেশের চলচ্চিত্র। পূর্ব এবং পশ্চিমের দেশগুলোর চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং স্বাধীন মেধাসংবলিত নির্মাতাদের কাজের মূল্যায়ন করা হয় এই প্রতিযোগিতায়। এই প্রতিযোগিতায় গহীনে শব্দ পাঁচটি বিভাগে মনোনয়ন পায়। ছবির প্রযোজক এবং কাহিনিকার ফরিদুর রেজা সাগর বলেন, ‘এ বিজয় শুধু মিঠু, মাসুম আজিজ, শিরোপা বা ইমপ্রেস টেলিফিল্মের নয়, এ বিজয় বাংলাদেশের চলচ্চিত্রের।’ খালিদ মাহমুদ মিঠু বলেন, ‘এভাবেই আমরা প্রত্যেকে নিজেদের অবস্থান থেকে কাজ করতে পারলে আমাদের এই দেশটাকে বিশ্বের কাছে ইতিবাচক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব।’