যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিপুল অঙ্কের সমর সরঞ্জাম কিনবে সৌদি আরব
সৌদি আরবের সঙ্গে খুব শিগগিরই প্রায় ছয় হাজার কোটি ডলারের একটি অস্ত্র বিক্রির চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ওবামা প্রশাসন অচিরেই মার্কিন কংগ্রেসকে বিষয়টি অবহিত করবে। আজ মঙ্গলবার একজন শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন, এ চুক্তির আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কোম্পানির তৈরি ৮৪টি নতুন এফ-১৫ যুদ্ধবিমান কিনবে। এর পাশাপাশি সৌদি আরব আরও ৭০টি অন্য ধরনের যুদ্ধবিমানও কিনতে পারে। এ চুক্তি অনুযায়ী সৌদি আরবের ৭২টি ব্ল্যাক হক হেলিকপ্টার কেনারও কথা রয়েছে। ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে আরও ৭০টি অ্যাপাচি ও ৩৬টি লিটল বার্ড হেলিকপ্টার কেনা হতে পারে। এ ছাড়া সৌদি আরব তাদের নৌবাহিনীর জন্য বেশ কিছু যুদ্ধজাহাজ ও সরঞ্জামাদি কেনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে।২০০৫-২০০৮ মেয়াদে সৌদি আরবই ছিল যুক্তরাষ্ট্রের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। এ সময় তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের অস্ত্র কিনেছে।—রয়টার্স