যুক্তরাষ্ট্রের ক্ষমাপ্রার্থনায়ও ক্ষোভ কমেনি আফগানদের (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধানের ক্ষমাপ্রার্থনাও ক্ষোভ কমাতে পারেনি আফগানদের। দেশটিতে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আফগানিস্তানে ন্যাটোর প্রধান বিমানঘাঁটিতে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভের সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন চার আফগান। আজ বুধবার কাবুলে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে। এ বিক্ষোভ রাজধানীজুড়ে ছড়িয়ে পড়ায় কাবুলে মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে।বিবিসি অনলাইন জানায়, বিক্ষোভের সময় অন্তত চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া বিক্ষোভকারীরা জালালাবাদের সঙ্গে কাবুলের সংযোগ সড়কটি অবরোধ করে রেখেছেন। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে দাঙ্গা পুলিশের সদস্যরা জলকামান ব্যবহার করছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের সহস্রাধিক পুলিশ ও নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ফাঁকা গুলি ছুড়ছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।রয়টার্স আরও জানায়, কাবুলে বিদ্রোহীরা ‘আমেরিকা নিপাত যাক’, ‘কারজাই নিপাত যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন।জালালাবাদ ও হেরাতেও এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জালালাবাদে তালেবান নেতা ‘মোল্লা ওমর দীর্ঘজীবী হোক’ বলে বিক্ষোভকারীদের স্লোগান দিতে দেখা গেছে।দূতাবাসের এক কর্মকর্তা তাঁর টুইটারে লিখেছেন, দূতাবাস বন্ধ হয়ে গেছে এবং সব ধরনের ভ্রমণ বাতিল করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা পুলিশ লাইনে গিয়ে হামলা চালিয়েছেন এবং গাড়ির জানালা ভাঙচুর করলে তাঁদের লক্ষ্য করে পুলিশ গুলিও ছুড়েছেন। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়নি।কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে মার্কিন বিমানঘাঁটি বাগরামে কোরআন শরিফ পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনায় আফগানিস্তানে ন্যাটো বাহিনীর প্রধান জেনারেল জন আর অ্যালেন দুঃখ প্রকাশ এবং ক্ষমাপ্রার্থনা করে ঘটনা তদন্তের নির্দেশ দেন।