যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক মধ্যপ্রাচ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার বেনগাজিতে গত মঙ্গলবার রাতে মার্কিন কনস্যুলেটে রকেট হামলায় রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ নিহত হয়েছেন চারজন। এই ঘটনার পর ইয়েমেনের মার্কিন দূতাবাসের চত্বরে গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। মিসরের কায়রোতে চলছে বিক্ষিপ্ত সংঘর্ষ। মধ্যপ্রাচ্যের দেশে দেশে মার্কিনবিরোধী এসব বিক্ষোভ-প্রতিবাদ প্রমাণ করে, মধ্যপ্রাচ্যে এখন ঝুঁকির মুখে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের সম্পর্ককে এই হামলার ঘটনা আরও নাজুক করে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্য যেন অনেকটা বিপজ্জনক হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের জন্য। এতে করে ‘আরব বসন্তের’ সম্ভাবনা নিয়েও শঙ্কিত অনেকে। সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্র এই হামলার ঘটনাকে দেখছে অন্যভাবে। তারা মনে করে, বেনগাজির হামলা পূর্বপরিকল্পিত। ইসলামবিরোধী চলচ্চিত্রকে ইস্যু হিসেবে ব্যবহার করছে হামলাকারীরা। এই হামলার উদ্দেশ্য হলো, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। মার্কিন সূত্রটি এটা স্পষ্ট করেনি যে, হামলাকারী এ ঘটনা থেকে কোনো বিশেষ সুবিধা পেয়েছে কি না, অথবা তিনি হামলায় উসকানি দিয়েছেন কি না। তবে সূত্রটি নিশ্চিত যে, মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়নি। হামলার লক্ষ্য যা-ই হোক না কেন, এই ঘটনার পর নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন বিব্রতকর অবস্থার মধ্যে পড়বে। দূরত্ব বাড়বে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে। মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সরকার বেনগাজির কনস্যুলেটে হামলার অনেক পরে নিন্দা জানিয়েছে। এই কালক্ষেপণ দৃষ্টি আকর্ষণ করেছে মার্কিনদের।ইসলামবিরোধী চলচ্চিত্র প্রচার এবং বেনগাজির হামলার ঘটনা মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও প্রভাব ফেলবে। সিরিয়ার পরিস্থিতি এখন তত বেশি খারাপ না হলেও সেখানকার শরণার্থীরা জর্ডান ও তুরস্কে ছড়িয়ে পড়ছে। যুক্তরাষ্ট্রের কাছে ইরাক সরকারও অনির্ভরযোগ্য হয়ে উঠছে। কারণ, যুক্তরাষ্ট্রের আপত্তির পরও ইরানের ত্রাণবাহী বিমানগুলোর দামেস্কে ঢোকার অনুমতি দিয়েছে ইরাক। আফগান জঙ্গিরা মার্কিন সেনাদের ওপর হামলা চালাচ্ছে প্রায়ই। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল ইসরায়েল। কিন্তু ওই দেশের সঙ্গেও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা ফাটল ধরেছে। নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাত্ করতে চাননি। জানা গেছে, মধ্যরাতে টেলিফোনে নিউইয়র্কে ওবামার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন নেতানিয়াহু। কিন্তু ওবামা তা প্রত্যাখ্যান করেছেন। এই পরিস্থিতিতে বিতর্কিত চলচ্চিত্র প্রচার ও বেনগাজির হামলার ঘটনায় নির্বাচনের আগে ওবামার ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। লিবিয়া, ইয়েমেন, মিসরে হামলা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় ওবামার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনির হাতে উঠেছে নতুন অস্ত্র। গত মঙ্গলবারই মার্কিন কনস্যুলেটে হামলার ঘটনার পর রমনি কড়া নিন্দা জানান। তিনি মিসর ও লিবিয়ার সহিংসতা দমনে ওবামা প্রশাসনের ব্যর্থতার সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে-অন্যকে বেশি আক্রমণ করেন। আর সে ক্ষেত্রে এই হামলার ঘটনায় ওবামার প্রতিদ্বন্দ্বী রমনির হাতে উঠে এল বড় ধরনের অস্ত্র। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে ইতিবাচক দিকে যাচ্ছে না, এটা অনেকটাই স্পষ্ট।