যুক্তরাষ্ট্রের দুঃখ প্রকাশ, পথ খুলছে পাকিস্তান
পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর রসদসহ বিভিন্ন সরঞ্জাম সরবরাহের পথ খুলে দিতে রাজি হয়েছে পাকিস্তান। গত বছরের নভেম্বরে পাকিস্তান-আফগান সীমান্তে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার দুঃখ প্রকাশ করেছে। তাই পাকিস্তান ওই পথ খুলে দিতে রাজি হয়েছে। আজ বুধবার পাকিস্তানের দি ডন ডট কমের খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল এক বার্তায় বলেন, ‘আমি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খারের সঙ্গে একমত হয়েছি যে পাকিস্তান সীমান্তে ওই সেনাদের প্রাণহানিতে দেশটির ক্ষতি হয়েছে।’ তিনি বলেন, ‘পাকিস্তানের সামরিক বাহিনীর এই ক্ষতিতে আমরা দুঃখিত। এ ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে, এ জন্য পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এর আগে হিলারির সঙ্গে হিনা রাব্বানি খার টেলিফোনে কথা বলেন। পরে হিলারি এই দুঃখ প্রকাশ করেন।’এর পর পাকিস্তান নিজ ভূখণ্ডের ওপর দিয়ে আফগানিস্তানে যাওয়ার গুরুত্বপূর্ণ পথ খুলে দিতে রাজি হয়। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা ও যুদ্ধসরঞ্জাম সরিয়ে নিতে পাকিস্তানের এই পথ গুরুত্বপূর্ণ।পাকিস্তানের তথ্যমন্ত্রী কামার জামান কাইরা বলেন, দেশটির প্রতিরক্ষা কমিটির বৈঠকে ন্যাটোর সরবরাহ পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করা পাকিস্তানের প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফও স্বীকার করেন, অবরোধ তুলে নেওয়ার এটাই সময়।যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত শেরি রেহমান বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিবৃতিকে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা করি, এখন থেকে দুই দেশের সম্পর্কে নতুন গতি আসবে।’গত বছরের নভেম্বরে ন্যাটোর বিমান হামলায় ২৪ জন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় ইসলামাবাদ ওয়াশিংটনকে ক্ষমা চাইতে বলে আসছিল।