হারানো চালানে কিছু ‘ইলেকট্রনিক ডিভাইস’সহ স্পর্শকাতর যন্ত্রপাতি আছে
যুক্তরাষ্ট্রের দেওয়া যন্ত্রপাতি বিমানবন্দরে লাপাত্তা
চট্টগ্রাম বন্দরের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্র সরকারের পাঠানো স্পর্শকাতর যন্ত্রপাতির চারটি চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাপাত্তা হয়ে গেছে। জরুরি ভিত্তিতে স্থাপনের জন্য এসব যন্ত্রপাতি সমুদ্রপথের পরিবর্তে ওয়াশিংটন থেকে উড়োজাহাজে গত ফেব্রুয়ারি মাসে ঢাকায় পাঠানো হয়। এসব পণ্যের শুল্ক আদায় নিয়ে বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে পত্র চালাচালি চলে প্রায় পাঁচ মাস। এর পরে আটটি চালানের যন্ত্রপাতি গত এক সপ্তাহে খালাস করে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। বাকি চারটি চালানের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। হারানো চালানে কিছু ‘ইলেকট্রনিকস ডিভাইস’সহ স্পর্শকাতর যন্ত্রপাতি আছে বলে জানা যায়। যন্ত্রপাতি খালাসকাজে নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স গোল্ড বার্ডস ১২ আগস্ট প্রকল্প বাস্তবায়ন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় চালানগুলো খুঁজে না পাওয়ার (মিসিং) উদ্বেগজনক তথ্য জানায়। হারিয়ে যাওয়া যন্ত্রপাতি তেজস্ক্রিয়তা নির্ধারক-সংক্রান্ত ‘রেডিয়েশন ডিটেক্টর সিস্টেম’ (আরডিএস) প্রকল্পের আওতায় চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকার বিভিন্ন গেটে স্থাপনের কথা ছিল। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পারমাণবিক নিরাপত্তা প্রশাসনের অধীনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিশ্বের ৪০টি বন্দরে তেজস্ক্রিয়তা ও ‘নিউক্লিয়ার অ্যাকটিভ’ পদার্থ শনাক্তকরণ যন্ত্রপাতি বসানো হচ্ছে। ‘ইউএস মেগাপোর্ট ইনেশিয়েটিভ’-এর অধীনে যুক্তরাষ্ট্র চট্টগ্রাম বন্দরকেও এ প্রকল্পের আওতায় আনে। ইতিমধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ বিশ্বের ২৫টি দেশে এ ধরনের যন্ত্রপাতি বসানো হয়েছে এবং বাংলাদেশসহ ১৫টি দেশে কাজ চলছে। সূত্রমতে, পারমাণবিক ও তেজস্ক্রিয়তা পরীক্ষার সনদ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইউরোপে কনটেইনার আনা-নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা থেকেই যুক্তরাষ্ট্র সরকার নিজ খরচে সংশ্লিষ্ট বন্দরগুলোতে এসব যন্ত্রপাতি বসাচ্ছে। চট্টগ্রাম বন্দরের জন্য ২০০৮ সালের ১৭ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এতে চট্টগ্রাম বন্দরে যন্ত্রপাতি বসানো এবং আনুষঙ্গিক কাজে প্রায় ১০০ কোটি টাকা (দেড় কোটি মার্কিন ডলার) ব্যয় করার কথা জানায় যুক্তরাষ্ট্র। প্রকল্পের আওতায় ইতিমধ্যে শুল্ক বিভাগের ২৬ জন কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে প্রায় এক মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমঝোতা অনুযায়ী, বন্দরের সংরক্ষিত এলাকার চারটি গেটে মোট নয়টি ‘রেডিয়েশন ডিটেক্টশন’ যন্ত্রপাতি বসানোর কাজ গত ফেব্রুয়ারি মাসে শুরু হয়। আগস্টে এটি শেষ হওয়ার কথা ছিল। এরপর নিউমুরিং কনটেইনার টার্মিনাল সম্পূর্ণভাবে চালু হলে সেখানে আরও ১০টি গেটে এসব যন্ত্রপাতি বসানো হবে। সময়মতো প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রকল্পের বেশির ভাগ যন্ত্রপাতি সমুদ্রপথে আগেই পাঠিয়ে দেওয়া হয়। ইলেকটনিকস ডিভাইসসহ কিছু স্পর্শকাতর যন্ত্রপাতি আকাশপথে পাঠানো হয় গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। এর পরই হারিয়ে যায় চারটি চালান। সূত্র জানায়, সময়মতো প্রকল্প বাস্তবায়নে বিলম্বে উদ্বিগ্ন হয়ে মেগাপোর্ট ইনেশিয়েটিভ প্রকল্পের মার্কিন কান্ট্রি ম্যানেজার জেসান মলাট গত ৯ জুন এনবিআর চেয়ারম্যানের কাছে সর্বশেষ চিঠিটি পাঠান। এরপর গত জুলাই মাসের শেষ সপ্তাহে সরকারের দুজন সচিব, বন্দর চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারা যুক্তরাষ্ট্র গিয়ে প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।ওই বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, ‘বৈঠকে বলা হয়, এভাবে ধীরগতিতে কাজ চললে অনেক কিছু বাদ দিয়ে চট্টগ্রাম বন্দরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কারণ প্রকল্পব্যয় অনেক বেড়ে যাচ্ছে। অন্য কোনো বন্দরে তাঁদের এ ধরনের অসুবিধায় পড়তে হয়নি বলেও তাঁরা জানান।’বন্দর সূত্র জানায়, প্রকল্পে চট্টগ্রাম কাস্টম হাউসে একটি কেন্দ্রীয় সতর্ককরণ কেন্দ্র বা সেন্ট্রাল এলার্ম সেন্টার (সিএএস) স্থাপনের কথা ছিল। গোটা প্রকল্পের বিকল্প ব্যবস্থা (ব্যাকআপ সাপোর্ট) হিসেবে এটা স্থাপনের পরিকল্পনা ছিল। কিন্তু বিমানবন্দরে কিছু মালামাল খোয়া যাওয়া এবং অন্যান্য মালামাল খালাসে অস্বাভাবিক বিলম্বের কারণে বিরক্ত হয়ে যুক্তরাষ্ট্র এখন সিএএস স্থাপন বাদ দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে।প্রকল্পের কারিগরি কমিটির অন্যতম সদস্য চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, প্রকল্পের মধ্যে কাস্টম হাউসে একটি ‘মিরর সিএএস’ স্থাপনের কথা ছিল। কিন্তু এখন এটা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। বন্দরের যন্ত্রপাতি উধাও হওয়ার ব্যাপারে জানতে চাইলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাংলাদেশ বিমানের আমদানি শাখা থেকে বলা হয়, ‘বিশাল গুদামের কোথাও না কোথাও এসব মালামাল পড়ে আছে। প্রতিদিন শত শত টন মালামাল আমদানি হচ্ছে। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আমদানি পণ্য খালাস নিতে হতে। এর বেশি দিন সময় লাগলে ওই পণ্যের দায়িত্ব বিমানের আর থাকে না।’ প্রকল্পের মালামাল খালাসের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠান গোল্ড বার্ডসের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হোসেন প্রথম আলোকে বলেন, ‘৩০ দিনের মধ্যে বিমানের গুদাম থেকে খালাস না নেওয়ার কারণে বিমান কর্তৃপক্ষ হারানো পণ্যের দায়-দায়িত্ব নিচ্ছে না। সূত্র জানায়, মেগাপোর্ট ইনেশিয়েটিভ প্রকল্পের কান্ট্রি ম্যানেজার জেসান মলাটসহ পাঁচ কর্মকর্তা গত রোববার বাংলাদেশে এসেছেন। পরের দুই দিন তাঁরা প্রকল্পের কারিগরি কমিটি, এনবিআর এবং বিমানের সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মূল্যবান যন্ত্রপাতি হারানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রকল্প শেষ করার সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি নতুন করে নির্ধারণ করা হয়। এর আগে প্রকল্প শেষ করার প্রথম তারিখ ছিল চলতি আগস্ট এবং পরের সময়সীমা আগামী নভেম্বর মাস। আর এখন নতুন সময়সীমা নির্ধারণ করা হলো।