যুক্তরাষ্ট্রের ধারণা, গাদ্দাফির সরকার অচিরেই ভেঙে পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলি জুড়ে গতকাল সোমবার রাতেও বিমান বিধ্বংসী কামান থেকে গোলা ছোড়ার আওয়াজ শোনা গেছে। এ ছাড়া ত্রিপোলি ও লিবিয়ার পূর্বাঞ্চলকে লক্ষ্য করে বিমান হামলার খবর পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনী গতকাল ত্রিপোলির কয়েকটি এলাকায় হামলা চালায়। তবে পশ্চিমা বাহিনী নতুন করে কোনো বিমান হামলা বিষয়ে নিশ্চিত করেনি । ওয়াশিংটন বলেছে, গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার নির্দিষ্ট কোনো পরিকল্পনা তাদের হাতে নেই। তবে যুক্তরাষ্ট্র আশা করছে, কয়েক দিনের মধ্যে লিবিয়ায় তাঁর সরকার ভেঙে পড়বে। লিবিয়া অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রধান জেনারেল কার্টার হাম জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে হামলার তীব্রতা কমবে। কারণ, ওয়াশিংটন প্রত্যক্ষভাবে লিবিয়ার সংঘাতে জড়াতে চায় না।আল-জাজিরা টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনী পূর্ব লিবিয়ায় দুটি বিমান ঘাঁটিতে স্থাপিত রাডার ধ্বংস করে দিয়েছে। তবে ফ্রান্সের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ তথ্য নাকচ করে দিয়ে বলেন, ওই সময় কোনো বিমান হামলা হয়নি। পূর্বাঞ্চলে বিমান হামলার দায়িত্বে রয়েছে ফ্রান্স।লিবিয়ার মিসতারা ও জিন্তান শহরের বিদ্রোহীরা জানিয়েছে, সরকার পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও তারা গাদ্দাফি বাহিনীর হামলার শিকার হয়েছে। পশ্চিমাঞ্চলে এই দুটি শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে। মিসতারায় সরকারি বাহিনীর প্রবেশ ঠেকাতে রাজ পথে অবস্থান নিয়েছে। শহরের সাদুন নামের একজন বাসিন্দা রয়টার্সকে জানান, বিক্ষোভকারীরা যখন শহরের কেন্দ্রে জড়ো হয়েছিল তখন গাদ্দাফি বাহিনী তাদের লক্ষ্য করে বন্দুক ও কামালের গোলা নিক্ষেপ করে। এতে নয়জন নিহত হয়েছে।তিউনিসিয়ার সীমান্তবর্তী জিন্তান শহরে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়েছে। দুজন প্রত্যক্ষদর্শী জানায়, এতে শহরের অনেক বাসিন্দা পাহাড়ের গুহায় আশ্রয় নিতে বাধ্য হয়। যুদ্ধে কয়েকটি ভবন ও একটি মসজিদের মিনার বিধ্বস্ত হয়। লিবিয়ার এক কর্মকর্তা বলেন, ‘আজ সেখানে নতুন বাহিনী পাঠানো হয়েছে। সেখানে অন্তত ৪০টি ট্যাংক রয়েছে।