যুক্তরাষ্ট্রের নানা রকম বক্তব্যে বিভ্রান্তি
যুক্তরাষ্ট্র প্রথমে বলেছিল, লাদেন মৃত্যুর আগে গুলি চালিয়েছিলেন। এখন বলছে, তাঁর হাতে কোনো অস্ত্রই ছিল না। তারা বলেছিল, গুলিতে লাদেনের স্ত্রী ও হামজা নামের এক ছেলে মারা গেছেন। এখন তারাই জানাচ্ছে, নিহত নারী লাদেনের স্ত্রী নন এবং নিহত ছেলের নাম হামজা নয়। যুক্তরাষ্ট্রের এ ধরনের স্ববিরোধী বক্তব্য ধোঁয়াশার সৃষ্টি করেছে। অন্যদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলেছে, লাদেনের মৃত্যু ঘিরে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের কূটনৈতিক ‘বাগ্যুদ্ধ’ ক্রমশ জোরালো হচ্ছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের মাটিতে ‘অননুমোদিত একতরফা অভিযান’ চালিয়েছে। ভবিষ্যতে এটা বরদাশত করা হবে না।হোয়াইট হাউসের সন্ত্রাস প্রতিরোধবিষয়ক উপদেষ্টা জন ব্রেনন গত সোমবার সাংবাদিকদের জানিয়েছিলেন, ওসামা বিন লাদেন একটি একে-৪৭ রাইফেল নিয়ে মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই চালান। এ সময় তিনি আত্মরক্ষার জন্য তাঁর স্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করেন। ক্রসফায়ারে পড়ে তাঁর স্ত্রী মারা যান। এর পরই লাদেনকে গুলি করে হত্যা করা হয়। ওই দিন হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় হামজা নামের লাদেনের এক ছেলে নিহত হন। সিআইএর পক্ষ থেকে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঘটনাস্থলের কাছে অভিযানে অংশ নেওয়া মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়। তবে এসব তথ্য নাকচ করে দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে-কারনি মঙ্গলবার বলেন, অভিযানের সময় লাদেন নিরস্ত্র ছিলেন। তাঁকে যখন গুলি করা হয়, তখনো তাঁর হাতে অস্ত্র ছিল না। তিনি আরও বলেন, অভিযানে লাদেন যে নারীকে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন তিনি তাঁর স্ত্রী নন। তিনি আসলে লাদেনের সহযোগী শেখ আবু আহমেদের স্ত্রী। জে-কারনির দেওয়া তথ্য অনুযায়ী ওই নারীকে যেখানে গুলি করা হয়, সেখানে লাদেন ছিলেনই না। লাদেন ছিলেন ওপরতলায় এবং ওই নারী ছিলেন নিচতলার একটি কক্ষে। জে-কারনি বলেন, অভিযানের সময় মার্কিন সেনারা লাদেনের ২৭ বছর বয়সী স্ত্রী আমাল আল সাদাহেক হত্যা করেনি। তারা তাঁর পায়ে গুলি করে। সাদাহেক আটক করা হয়েছে।গত সোমবার সিআইএর পরিচালক লিওন পেনেটা কারিগরি ত্রুটির কারণে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে দাবি করলেও হোয়াইট হাউস থেকে পরে বলা হয়, ‘যান্ত্রিক ত্রুটির কারণেই যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, এ কথা আমরা বলিনি।’এদিকে দুবাইভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া বলেছে, পাকিস্তানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নিশ্চিত করেন, লাদেনের আস্তানা থেকে মার্কিন সেনা বা তাঁদের হেলিকপ্টার লক্ষ্য করে একটি গুলিও ছোড়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আল আরাবিয়াকে বলেন, ১৩ কক্ষের বাড়িটি তন্নতন্ন করার পরও সেখান থেকে কোনো অস্ত্র বা বিস্ফোরক মেলেনি। তবে ওই কম্পাউন্ড থেকে মার্কিন সেনারা দুটি মহিষ, একটি গাভি ও প্রায় দেড় শ হাঁস-মুরগি জব্দ করেছে।তবে এবিসি নিউজ বলেছে, লাদেনের একটি জামায় সেলাই করা অবস্থায় ৫০০ ইউরো পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, যেকোনো সময় পালাতে হতে পারে মনে করে প্রস্তুতি হিসেবে তিনি এ অর্থ লুকিয়ে রেখেছিলেন।একতরফা অভিযান: গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন সেনারা ‘অননুমোদিত একতরফা অভিযান’ চালিয়ে লাদেনকে হত্যা করেছে। ভবিষ্যতে এ ধরনের তৎপরতা বরদাশত করা হবে না। সিআইএ প্রধান লেওন পেনেটা অভিযান ভেস্তে যাওয়ার আশঙ্কায় পাকিস্তানকে কিছুই জানানো হয়নি বলে যে বক্তব্য দিয়েছেন, তাতে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান। পররাষ্ট্রসচিব সালমান বাশির সাংবাদিকদের বলেন, পেনেটার ওই মন্তব্য তাঁদের হতাশ করেছে। তিনি বলেন, ২০০৯ সালে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই অ্যাবোটাবাদের ওই বাড়িটির ব্যাপারে সিআইএকে সতর্ক করেছিল। তাঁর দাবি, আল-কায়েদাবিরোধী কার্যক্রমে পাকিস্তানই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। এ কারণে এ ধরনের মন্তব্য পাকিস্তানের জন্য অত্যন্ত হতাশাজনক।ফ্রান্স সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি গতকাল সাংবাদিকদের বলেন, লাদেনকে এত দিনেও ধরতে বা হত্যা করতে না পারার দায় পাকিস্তান একা বহন করবে না। যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বের ওপরই এ ব্যর্থতার দায় বর্তায়। হোয়াইট হাউসের বিবৃতি: বিভিন্ন মহল থেকে লাদেনের লাশের ছবি প্রকাশের আহ্বান জানানোর পর হোয়াইট হাউসের পক্ষ থেকে গতকাল এক বিবৃতিতে বলা হয়, লাশের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় এ ছবি তারা প্রকাশ করতে চাইছে না। তারা মনে করছে, এ ছবি প্রকাশিত হলে মুসলিম বিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। তবে গতকাল সিআইএর প্রধান লেওন পেনেটা সাংবাদিকদের বলেন, এখনই না হলেও শিগগিরই লাদেনের লাশের ছবি প্রকাশ করা হবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সূত্র: এএফপি, ডেইলি মেইল, দ্য টেলিগ্রাফ ও বিবিসি অনলাইন।