যুক্তরাষ্ট্রের নারী রাজনীতিবিদ জেরালডাইন ফেরারোর জীবনাবসান
যুক্তরাষ্ট্রের নারী রাজনীতিবিদ জেরালডাইন ফেরারো মারা গেছেন। গতকাল শনিবার বোস্টন নগরের ম্যাসাচুসেটস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১২ বছর ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।জেরালডাইন ফেরারোই প্রথম নারী, যিনি যুক্তরাষ্ট্রের কোনো প্রধান রাজনৈতিক দলের হয়ে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ১৯৮৪ সালে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ওয়াল্টার ম্যানডেইলের সঙ্গে তিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে রিপাবলিকানদের জয় হয়েছিল।প্রেসিডেন্ট বারাক ওবামা জেরালডাইন ফেরারোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ওবামা তাঁর শোকবার্তায় বলেছেন, মার্কিন নারীদের অগ্রযাত্রার প্রতিবন্ধকতা দূর করার জন্য ফেরারো কাজ করেছেন। ওবামা তাঁর দুই মেয়ে মালিয়া ও শাশার জীবনে ফেরারোর প্রভাবের কথাও উল্লেখ করেন।এদিকে রিপাবলিকান নেত্রী সারাহ পেলিন বলেছেন, জেরালডাইন ফেরারো যুক্তরাষ্ট্রে নারীদের জন্য দ্বার উন্মুক্ত করে গেছেন।