যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থা মোটেই গণতান্ত্রিক নয়!
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ব্যবস্থাপনার সমালোচনা করে রাশিয়ার নির্বাচন কমিশনের প্রধান ভ্লাদিমির ইয়েভজেনিয়েভিচ চারভ বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনব্যবস্থা মোটেই গণতান্ত্রিক নয়। ‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, রাষ্ট্রায়ত্ত পত্রিকা ‘রোশিস্কায়া গেজেটা’য় চারভ আজ বুধবার তিন হাজার ৬০০ শব্দের এক দীর্ঘ প্রবন্ধে এই সমালোচনা করেন।চারভ লিখেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সরাসরি নয়, সর্বজনগ্রাহ্য নয়, সবার জন্য সমান নয় এবং ভোটদানের গোপনীয়তাও এতে রক্ষিত হয় না। প্রেসিডেন্ট নির্বাচন করার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের অধিকার নিয়ে আলোচনা সেখানে কল্পনার অতীত।’পদার্থবিজ্ঞানের সাবেক শিক্ষার্থী চারভ বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে পর্যবেক্ষণব্যবস্থা অপ্রতুল। নির্বাচন সমন্বয়ের জন্য কোনো কেন্দ্রীয় সংস্থা নেই, ভোটারদের নিবন্ধন করার ব্যবস্থা নাজুক, ভোটকেন্দ্রে ভোটারদের সঠিক পরিচয় জানার ব্যবস্থাও খুব দুর্বল, ভোটারদের ব্যক্তিগত তথ্য ঠিকভাবে সংরক্ষণ করা হয় না এবং ভোট গণনার পদ্ধতি ভ্রান্ত।চারভ আরও লিখেছেন, যুক্তরাষ্ট্রের পুরো গণতান্ত্রিক ব্যবস্থা নির্বাচনী ‘জটিলতা, বিকেন্দ্রীকরণ, রাজনৈতিকীকরণ, অস্বচ্ছতা ও নৈরাজ্যের’ কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি বলেন, এটি ‘সবার জানা’ যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন কোম্পানির প্রধানেরা তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে বাধ্য করেন শ্রমিকদের। নিবন্ধের শেষে তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে বড় দুই দলের বাইরে বাকি যেসব দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন, তাঁরা রাষ্ট্রীয় চাপের কাছে অসহায়।৫৯ বছর বয়সী চারভকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে দেখা হয়। ১৯৯০-এর দশকে তাঁরা সেন্ট পিটারসবুর্গে একসঙ্গে কাজ করেন। গত বছর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সে সময় প্রতিবাদ ও ধিক্কারের চূড়ান্ত লক্ষ্যবস্তু হয়ে ওঠেন চারভ। নির্বাচনে কয়েকটি এলাকায় ক্ষমতাসীন ইউনাইটেড রাশিয়া দলের প্রার্থী প্রায় ৯৯ শতাংশ ভোট পাওয়ার পেছনে চারভের অবদান রয়েছে বলে ধারণা করা হয়।