যুক্তরাষ্ট্রের নির্বাচনে শ্বাসরুদ্ধকর উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে এখন বিরাজ করছে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। মাত্র চার বছর আগে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন বারাক ওবামা। প্রত্যাশা ও প্রতিশ্রুতি ভঙ্গের অপবাদ এখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের ভেঙে পড়া অর্থনীতির দ্রুত উন্নয়ন ঘটেনি। কর্মসংস্থান বৃদ্ধি পায়নি। প্রেসিডেন্ট বারাক ওবামার পুনর্নির্বাচন নিয়ে আশা-নিরাশার দোলাচলে এখন তাঁর একান্ত সমর্থকেরাও। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মিট রমনিকে নির্বাচনী প্রচারণার শুরুতে ততটা জনপ্রিয় মনে করা হয়নি। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। ঘণ্টায় ঘণ্টায় জনমত জরিপের ওঠানামায় নির্বাচন এখন উত্তেজনাকর হয়ে উঠেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন একটি আপাত জটিল পদ্ধতি। জনগণের সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন না। ফলে সাধারণ জনমত জরিপে এগিয়ে থাকা, এমনকি সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েও কোনো প্রার্থীর নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন ‘নির্বাচকমণ্ডলী’ (ইলেকটর)। নির্বাচকমণ্ডলীর ভোটে গঠিত হয় ইলেকটরেল কলেজ। জনগণের পক্ষে ইলেকটরেট কলেজ ভোট প্রদান করে প্রেসিডেন্ট পদের জয়-পরাজয় নির্ধারণ করে থাকে। ৫০টি অঙ্গরাজ্যে নির্বাচকমণ্ডলীর বিন্যাস আনুপাতিক হারে। রাজ্যপ্রতি কংগ্রেসের উচ্চকক্ষে (সিনেট) সদস্যসংখ্যা দুজনের। কংগ্রেসের সাধারণ পরিষদে রাজ্য প্রতিনিধি সংখ্যাকে সিনেট সংখ্যার সঙ্গে যোগ করতে হবে। কংগ্রেসের সাধারণ পরিষদে প্রতিনিধির সংখ্যা প্রতিটি রাজ্যের জনসংখ্যার অনুপাতে। ফলে প্রতি রাজ্যে নির্বাচকমণ্ডলীর সংখ্যা ভিন্ন ভিন্ন। যেমন, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিনেট সদস্য দুজন। জনসংখ্যা অনুযায়ী ক্যালিফোর্নিয়ায় কংগ্রেসের প্রতিনিধি ৫৩ জন। এ হিসাব অনুযায়ী ক্যালিফোর্নিয়া রাজ্যে ৫৫টি ইলেকটরেট ভোট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের কোনো প্রতিনিধি নেই। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার জন্য তিনটি ইলেকটরেট ভোট নির্ধারণ করা আছে। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রে মোট ইলেকটরেট ভোটের সংখ্যা ৫৩৮। নির্বাচিত হওয়ার জন্য প্রেসিডেন্ট পদপ্রার্থীকে ইলেকটরেট কলেজের সংখ্যাগরিষ্ঠ অর্থাত্ কমপক্ষে ২৭০টি ভোট সংগ্রহ করতে হবে। রাজ্যজুড়ে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী প্রার্থীই রাজ্যের সব কটি ইলেকটরেট সংগ্রহ করে থাকেন। দুটি অঙ্গরাজ্যে আবার ব্যতিক্রমও রয়েছে। মেইন ও নাব্রাস্কা রাজ্যে ভোট প্রাপ্তির আনুপাতিক হারে প্রার্থীকে ইলেকটরেট ভোট ভাগ করে দেওয়া হয়।নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইলেকটরেট ভোটের হিসাব নিয়ে শুরু হয়েছে যত বিশ্লেষণ। দীর্ঘদিন থেকে ডেমোক্র্যাট ও রিপাবলিকান হিসেবে চিহ্নিত রাজ্যগুলোতে জনমতের নাটকীয় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উদাহরণ হিসেবে ডেমোক্র্যাট রাজ্য হিসেবে পরিচিত নিউইয়র্ক, নিউজার্সিতে প্রেসিডেন্ট নির্বাচনের তেমন কোনো উত্তাপ নেই। এবারের নির্বাচনের সব উত্তাপ ‘সুইং স্টেট’ হিসেবে পরিচিত রাজ্যগুলোতে। দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত নয়টি অঙ্গরাজ্যের দিকেই এখন প্রার্থী ও বিশ্লেষকদের কড়া দৃষ্টি। নির্বাচনী রণাঙ্গন হিসেবে পরিচিত রাজ্যগুলো হচ্ছে—নিউ হ্যাম্পশায়ার, ওহাইয়ো, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, আইওয়া, কলোরাডো, উইসকনসিন এবং নাভাদা। প্রেসিডেন্ট বারাক ওবামা ও রিপাবলিকান মিট রমনির সব অর্থ এবং সময় এখন এ নয়টি রাজ্যের প্রচারণায় ব্যয় করা হচ্ছে।চিহ্নিত নয়টি অঙ্গরাজ্যের মধ্যে প্রেসিডেন্ট ওবামা ফ্লোরিডা এবং নিউ হ্যাম্পশায়ারে বিজয়ী হলেই সুবিধাজনক অবস্থায় থাকবেন। ফ্লোরিডায় ইলেকটরেট ভোটের সংখ্যা ২৯টি। মিশ্র জনবিন্যাসের এ রাজ্যে রিপাবলিকান প্রার্থী মিট রমনি জনমত জরিপে এখন প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন। বড় বড় দোদুল্যমান রাজ্যে হারলেও প্রেসিডেন্ট ওবামার পুনর্নির্বাচন সম্ভব বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে কলোরাডো, নাভাদা, নিউ হ্যাম্পশায়ার, আইওয়া ও উইসকনসিন রাজ্যে তাঁকে জয়লাভ করতে হবে। অপরদিকে নাভাদা, কলোরাডো, আইওয়া, ইনডিয়ানা, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা এবং ফ্লোরিডায় জয়লাভ করলে রিপাবলিকান মিট রমনির বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল। এ ক্ষেত্রে নাব্রাস্কা রাজ্যের বিভক্ত ইলেকটরেট ভোট মিট রমনি সংগ্রহ করতে পারলে উভয় প্রার্থীর ইলেকটরেট সংগ্রহ সমান (২৬৯-২৬৯) হয়ে যেতে পারে। সংবিধান অনুযায়ী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ইলেকটরেট ভোট সমান হলে প্রেসিডেন্ট পদের জয়-পরাজয় নির্ধারিত হবে কংগ্রেসে। সংবিধান অনুযায়ী প্রতিনিধি পরিষদে প্রতি রাজ্য প্রেসিডেন্ট পদে একটি করে ভোট প্রদান করবে ইলেকটরেট ভোট সমান হয়ে পড়লে। এমন পরিস্থিতির উদ্ভব হলে যুক্তরাষ্ট্রের এবারের প্রেসিডেন্ট নির্বাচন আরও নাটকীয় হয়ে উঠবে। আগামী মাসের নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে মিট রমনির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল বলে আলোচনা শুরু হয়েছে।যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক নাগরিকের কাছেই ইলেকটরেট পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচন একটি জটিল ও পূরণ প্রক্রিয়া। এ পদ্ধতির পরিবর্তনের জন্য যেমন জনমত রয়েছে, তেমনি প্রথাটি টিকিয়ে রাখার জন্যও জনমত এখনো প্রবল যুক্তরাষ্ট্রে।