যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ব্যবহার সীমিত করলেন ওবামা
প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ব্যবহার সীমিত করার এক নতুন নীতি ঘোষণা করেছেন। কিন্তু একই সঙ্গে তিনি সব নিষেধাজ্ঞা অমান্য করে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য ইরান ও উত্তর কোরিয়াকে পাঠানো এক কড়া বার্তায় জানিয়ে দিয়েছেন যে তারা এখনো যুক্তরাষ্ট্রের আক্রমণের সম্ভাব্য লক্ষ্যস্থল। ওবামার নতুন পারমাণবিক কর্মসূচিসংক্রান্ত নীতিকে কেন্দ্র করে ব্যস্ত-সমস্ত সপ্তাহের শুরুতেই তাঁর প্রশাসন একটি কৌশলগত বিশ্লেষণ প্রকাশ করেছে। বিশ্লেষণটি জানায়, ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন আণবিক অস্ত্র আবিষ্কারের কর্মসূচি পরিত্যাগ করেছে এবং এই নতুন নীতির ফলে হয়তো মার্কিন পারমাণবিক সমর সম্ভার আরও কমিয়ে ফেলা হবে। বারাক ওবামা কাল বৃহস্পতিবার প্রাগে রাশিয়ার সঙ্গে এক যুগান্তকারী অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করবেন এবং আগামী সপ্তাহে পারমাণবিক নিরাপত্তার ওপর ওয়াশিংটনে একটি শীর্ষ বৈঠক আয়োজন করছেন। তার আগেই পারমাণবিক শক্তির ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরশীলতা কমানোর পক্ষে ঘোষিত বারাক ওবামার এই নয়ানীতি আরও শক্তি, সামর্থ্য ও গতিশীলতা অর্জন করবে ধারণা করা হচ্ছে।কিন্তু যুক্তরাষ্ট্রের রক্ষণশীল মহলগুলো ওবামার নতুন পারমাণবিক নীতির সমালোচনা করে বলে, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাব্যবস্থাকে দুর্বল করে ফেলতে পারে। অন্যদিকে এটি কিছু উদারপন্থী রাজনীতিবিদকেও হতাশ করেছে, কেননা তাঁরা আশা করেছিল প্রেসিডেন্ট অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আরও ব্যাপক ব্যবস্থা নেবেন।অনেক দিন ধরে প্রতীক্ষিত এই পারমাণবিক নীতির ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মতানৈক্য আরও গভীর হতে পারে। কারণ, ঘোষণাটিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান পারমাণবিক শক্তিসহ তার সামরিক শক্তি বাড়ানোর কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো পারমাণবিক শক্তিহীন দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার অঙ্গীকার করল; যা পূর্ববর্তী বুশ প্রশাসনের নীতির ঠিক উল্টো। বুশ প্রশাসন বায়োলজিক্যাল বা রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিত। কিন্তু বারাক ওবামার এই অঙ্গীকার পূরণের একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে। আমেরিকা শুধু সেসব দেশের ওপরই পারমাণবিক আক্রমণ না চালানোর প্রতিশ্রুতি দিচ্ছে, যারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির ধারাগুলো মেনে চলবে। এর মানে হচ্ছে, ইরান ও উত্তর কোরিয়া এই অঙ্গীকারের আওতায় কোনো নিরাপত্তা পাবে না।—রয়টার্স