যুক্তরাষ্ট্রের বাজার হারাচ্ছে বাংলাদেশ, কমেছে রপ্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমন্দার ঢেউ লেগেছে রপ্তানি খাতে। তার প্রভাবে কমছে রপ্তানি আয়। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের রপ্তানি কমে গেছে।যুক্তরাষ্ট্রের ‘সেনস্যাস ব্যুরোর’ বৈদেশিক বাণিজ্য বিভাগের তথ্য অনুসারে, গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশি পণ্যের রপ্তানি কম হয়েছে প্রায় ২১ শতাংশ। ২০০৯ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ৩৫ কোটি ১৪ লাখ ডলারের বাংলাদেশি পণ্য গিয়েছিল। ২০১০ সালের জানুয়ারি মাসে তা প্রায় সাত কোটি ৩০ লাখ ডলার কমে হয়েছে ২৭ কোটি ৮৯ লাখ ডলার। এ সময়ে তৈরি পোশাক থেকে শুরু করে হিমায়িত খাদ্য—সব পণ্যেরই রপ্তানি কমেছে।ডিসেম্বরে বড়দিন ও জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের বাজারে শীতের প্রচুর পোশাক রপ্তানি হয়ে থাকে। কিন্তু এবার আগের বছরের তুলনায় বাংলাদেশি পণ্য দেশটির বাজারে কম ঢুকেছে।বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) তথ্য অনুসারে, ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের সামগ্রিক আমদানি কমেছে সাড়ে ১২ শতাংশ। বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে এমন ১০ ধরনের পণ্যে এ সময়ে রপ্তানি কমেছে ১ দশমিক ৬ শতাংশ। আবার বাংলাদেশ যে ধরনের (আইটেম) পণ্য রপ্তানি করে, সেসব পণ্যে চীনের প্রবৃদ্ধি ঘটেছে ২৬ দশমিক ৩ শতাংশ। ফলে বাংলাদেশের বাজারে আবারও চীন ভাগ বসাচ্ছে বলে মনে করছে সংস্থাটি। সিপিডি বলছে, মন্দার আগে কম দামের পোশাককে অনুত্সাহিত করলেও মন্দার পর উল্টো এখন কম দামের পোশাককে প্রণোদনা দিচ্ছে চীন।সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মন্দার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে সেখানে সামগ্রিক চাহিদা কিছুটা কমেছে। এ কারণে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবৃদ্ধি ঋণাত্মক হয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশের বেশ কিছু পণ্যের বাজার চীন নিয়ে নিয়েছে। তা ছাড়া বাংলাদেশের উত্পাদকেরা এই মন্দা পরিস্থিতিতেও কোনো প্রণোদনা পাননি, যেখানে চীন ও ভিয়েতনামের রপ্তানিকারকেরা ভালো প্রণোদনা পেয়েছেন।জানা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৪তম বৃহত্ পণ্য সরবরাহকারী দেশ বাংলাদেশ। বিগত দুই দশকের মধ্যে ২০০৯ সালেই প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনস্যাস ব্যুরোর ফরেন ট্রেড বিভাগের তথ্য অনুসারে, ২০০৯ সালে বাংলাদেশ থেকে ৩৭০ কোটি ডলারের পণ্য গেছে। ২০০৮ সালের একই সময়ে তা ছিল ৩৭৫ কোটি ডলার। এ সময় প্রধান পণ্য হিসেবে ২৪০ কোটি ডলারের ওভেন পোশাক, ৯৪ কোটি ডলারের নিট পোশাক, প্রায় ১৩ কোটি ডলারের হিমায়িত খাদ্য ও ১১ কোটি ডলারের অন্যান্য বস্ত্র যুক্তরাষ্ট্রের বাজারে যায়।রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ মার্কিন বাজারের মন্দাবস্থার কথা স্বীকার করে বলেন, ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে প্রবৃদ্ধি এখনো ঋণাত্মক। যুক্তরাষ্ট্রসহ উন্নত বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণেই এমনটা ঘটেছে। আবার গ্যাস ও বিদ্যুত্-সংকটের কারণে বাংলাদেশের রপ্তানিকারকেরা পণ্য সরবরাহ করতে ব্যর্থ হচ্ছেন এমন অভিযোগও পেয়েছেন বলে জানান তিনি।বাংলাদেশ নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, মার্কিন বাজারে এর আগে এত খারাপ সময় আর আসেনি। ২০০৮ সালের মন্দার বিলম্বিত ধাক্কার একটি প্রভাব পড়েছে। বিশেষ করে, মন্দার অজুহাতে পণ্যের দামের ওপর বড় চাপ পড়েছে। আবার দেশের ভেতরে সরকার যে প্রণোদনা দিয়েছে, তার সুবিধা পায়নি তৈরি ও নিট পোশাক খাত। সব মিলিয়ে দামের প্রতিযোগিতায় টিকতে না পেরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য বাজার হারাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।এদিকে ২০০৯ সালের ২১ মে মার্কিন সিনেটে উপস্থাপিত ‘ট্যারিফ রিলিফ অ্যাসিসটেন্ট ফর ডেভেলপিং ইকোনমিস অ্যাক্ট-২০০৯’ দশ মাস ধরে পড়ে আছে। ফাইন্যান্স কমিটির কাছে তা পর্যালোচনার জন্য পাঠানো হলেও এখন পর্যন্ত রিভিউ কমিটির কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। আইনটিতে বাংলাদেশসহ বেশ কিছু উন্নয়নশীল দেশের অর্থনীতির পণ্যকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, এর আগেও বাংলাদেশকে শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুযোগ দেওয়ার জন্য কয়েকটি বিল মার্কিন আইনসভায় উপস্থাপিত হয়েছিল। কিন্তু কোনোবারই তা পাস হয়নি।