যুক্তরাষ্ট্রের বাজারে চাল, গম, ভুট্টা ও সয়াবিনের দাম কমেছে
ডলারের দাম অপরিবর্তিত থাকায় আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে গমের দাম কিছুটা কমেছে। ভুট্টা, সয়াবিন ও চালের দামেও দেখা যাচ্ছে পতনের প্রবণতা। বাংলাদেশ সময় সকাল নয়টা ৪০ মিনিটে শিকাগো বোর্ড অব ট্রেডে বুশেলপ্রতি গমের দাম ০.৪ শতাংশ কমে দাঁড়ায় ৫.০১৫ ডলারে, ভুট্টার দাম ০.৬ শতাংশ কমে দাঁড়ায় ৩.৭৩৫ ডলারে এবং সয়াবিনের দাম ০.৮ শতাংশ কমে দাঁড়ায় ৯.৪৭ ডলারে। প্রতি ১০০ কিলোগ্রাম চালের দাম ০.০৬ শতাংশ কমে ১৩.০৭ ডলারে নেমে আসে।এদিকে ভারত সরকার গতকাল বুধবার সাধারণ চালের রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা জারি করে ছিল তা প্রত্যাহার করেছে। ভারত সরকার এক বিবৃতিতে জানায়, দেশটি শ্রীলঙ্কায় ২০ হাজার টন ও নেপালে ২৫ হাজার টন সাধারণ মানের চাল রপ্তানির অনুমতি দিয়েছে।ভারতের বাজারে গতকাল বুধবার ছোলা ছাড়া অন্যান্য খাদ্যশস্যের দাম অপরিবর্তিত ছিল। প্রতি ১০০ কেজি দেশি গম বিক্রি হয়েছে এক হাজার ৭৫০ থেকে দুই হাজার ১০০ রুপিতে, প্রতি ১০ কেজি আটার দাম ছিল ১৯০ রুপি এবং প্রতি ব্যাগ ময়দা বিক্রি হয়েছে এক হাজার ৬০০ থেকে এক হাজার ৭০০ রুপিতে। প্রতি ১০০ কেজি সাধারণ বাসমতী চালের দাম ছিল পাঁচ হাজার ৪০০ থেকে পাঁচ হাজার ৫০০ রুপি, পারমাল চাল এক হাজার ৬২৫ থেকে এক হাজার ৮৫০ রুপি, সেলা চাল এক হাজার ৯৫০ থেকে দুই হাজার ৫০ রুপি এবং আইআর-৮ চাল এক হাজার ৫০০ থেকে এক হাজার ৫২৫ রুপি। প্রতি ১০০ কেজি ছোলা বিক্রি হয় দুই হাজার ১৬০ থেকে দুই হাজার ২০০ রুপিতে। সূত্র: রয়টার্স