যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৩ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের কাছে গতকাল সোমবার বেলা পৌনে একটার দিকে এক বন্দুকধারীর গুলিতে একজন পুলিশ কর্মকর্তা ও একজন বেসামরিক লোক নিহত হয়েছেন। গুলিতে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হন। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।বিবিসির খবরে বলা হয়, টেক্সাসের কলেজস্টেশন শহরের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের দুটি রাস্তায় গতকাল স্থানীয় সময় বেলা পৌনে একটায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, নিহত বন্দুকধারীর নাম টমাস ক্যাফল (৩৫)। তবে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি না, তা নিশ্চিত হওয়া যায়নি এবং হামলার কোনো কারণও জানা যায়নি। টেক্সাসের দৈনিক হিউসটন ক্রনিকলের খবরে বলা হয়, নিহত পুলিশ কর্মকর্তার নাম ব্রায়ান বেচম্যান। নিহত বেসামরিক ওই লোকের বয়স ৬৫। তাঁর নাম জানা যায়নি। কলেজস্টেশন শহরের মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমকে জানায়, হাসপাতালের জরুরি বিভাগে পাঁচ ব্যক্তিকে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে এক নারীসহ তিন পুলিশ কর্মকর্তা রয়েছেন। পুলিশের সহকারী প্রধান স্কট ম্যাককলাম এক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশের হেফাজতে নেওয়ার আগেই বন্দুকধারী গুলিতে নিহত হন। টেক্সাসের গভর্নর রিক পেরি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে লেখেন, ‘এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের কাছে গুলিতে হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করি।’টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা এপিকে জানান, শরত্কালীন শিক্ষাবর্ষ এখনো শুরু না হওয়ায় গতকাল বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে উপস্থিত ছিল না।গত ৫ আগস্ট উইসকনসিন অঙ্গরাজ্যের ওক ক্রিক শহরে শিখদের উপাসনালয়ে এক বন্দুকধারীর গুলিতে ছয় মার্কিন শিখ নাগরিক নিহত হয়। এর আগে কলোরাডোর এক প্রেক্ষাগৃহে আরেক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১২ জন নিহত হয়।