যুক্তরাষ্ট্রের বুকে এক টুকরো ইরান
মার্কিন যুক্তরাষ্ট্র এক বিচিত্র ভূমি। গত কয়েক শ বছরে এই ভূমিতে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা ও এশিয়ার লাখো মানুষ বসতি গেড়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, বর্ণবাদ, জাতিদ্বেষসহ বিভিন্ন সমস্যা থাকলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্ব যুক্তরাষ্ট্র ইউরোপের যেকোনো দেশের চেয়ে অনেক প্রগতিশীল, সহনশীল ও উদার। বিশ্বযুদ্ধের পর একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার দাপটে, রাজনৈতিক মতাদর্শ বিস্তারে সে যুক্তরাষ্ট্রের চরিত্র বদলে গেছে অনেক। কিন্তু অল্প কিছুদিন আগে গুগল মানচিত্রে লস অ্যাঞ্জেলেস শহরের পাশের শহরটিকে পাকাপাকিভাবে ‘তেহরাঞ্জেলেস’ নাম দেওয়ার পর প্রমাণ হয়ে গেল, যুক্তরাষ্ট্রের পুরোনো ঐতিহ্য এত সহজে হারাবার নয়।লস অ্যাঞ্জেলেসের এক ক্যাফেতে বসে এক ইরানি তরুণী বলছিলেন, ‘মানচিত্রে আমাদের অস্তিত্ব আছে। আমি বরং বলব, কেন আমরা মানচিত্রে থাকব না? এ দেশে কোরিয়া টাউন, চায়না টাউন থাকলে আমাদের এলাকা থাকবে না কেন?’জরিপ বলছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রায় তিন লাখ ইরানির বাস। এদের বড় অংশটিই থাকে তেহরাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসে একটি জনসংযোগ সংস্থার প্রধান মাহদি কেশাভার্জ মজা করে বিবিসির চ্যানেল ফোরকে বলেন, ‘ইরানিরা যখন আড্ডা দেয়, তখন ভুলেও তর্ক করতে যাবেন না। যে যা বলবে, হু-হ্যাঁ করে যাবেন। কারণ তারা তর্ক করে ফারসিতে।’ইউনিভারসিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) ইরানিদের অভিবাসন নিয়ে পড়াশোনা করছেন অ্যামি মালেক। তিনি বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে এসে প্রথম যখন ক্যাম্পাসে গেলাম, দেখি আরেকজন কথা বলছে ফারসিতে। কী দারুণ ব্যাপার! একজন ইরানি পেয়ে গেলাম। মেয়েটি আমার আপাদমস্তক এমনভাবে দেখছিল, যেন সে প্রশ্ন করতে চায় ‘কী ব্যাপার, এভাবে তাকিয়ে আছ কেন”?’শহরের ওয়েস্টউড সড়কের পাড়ে বাস করে অনেক ইরানি। এ এলাকার দোকানের নামগুলো লেখা আছে ফারসিতে। চারদিকে লোকজন কথাও বলে ফারসিতে। এ সড়কের পাশেই অভিজাত এলাকা বেভার্লি হিলস। এ শহরটির মোট জনসংখ্যার ২২ শতাংশই ইরানি বংশোদ্ভূত এবং ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত এর মেয়র ছিলেন ইরানি জমশেদ দিলশাদ। ইনি এখন ‘জিমি’ নামেই বেশি পরিচিত।বেভার্লি হিলস হাইস্কুলের ৪০ শতাংশেরও বেশি শিক্ষার্থী ইরানি। ফরহাদ মোহিত নামের এ রকম এক শিক্ষার্থী স্কুলে পড়ার সময়ই বিজরেট নামের কেনাকাটার এক ওয়েবসাইট তৈরি করেছিলেন। এরপর তিনি সেটি বিক্রি করে দেন কয়েক লাখ ডলারে। সুপরিচিত ওয়েবসাইট ইবের প্রতিষ্ঠাতা এবং ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা দুজনই ইরানি। ইরানিদের ব্যবসাপ্রতিষ্ঠানে চাকরি পেতে সুবিধা হবে ভেবে ইদানীং অনেক মার্কিন নাগরিক ফারসি শিখছেন। লস অ্যাঞ্জেলেস শহরে ইরানিরা আসা শুরু করে ১৯৬০-এর দশকের প্রথম দিকে। সত্তরের দশকে ইরানি শিক্ষার্থীর সংখ্যা অনেক বেড়ে যায়। তবে ১৯৭৯ সালে ইরানি বিপ্লবের পর অনেকে চলে আসে লস অ্যাঞ্জেলেসে, তবে অধিকাংশই অস্থায়ীভাবে থাকার জন্য। লেখক হোমা শার্শার বলেন, ‘আমাদের মধ্যে বচন আছে, কখনো স্যুটকেসটি খুলো না। কারণ আমরা মনে করতাম, দিন বদলালে আমরা ফিরে যাব আমাদের দেশে। কিন্তু, ৩২ বছর হতে চলল, এখনো এখানেই আছি।’আশির দশকে ইরাক-ইরান যুদ্ধের সময় অনেকে চলে আসে এ শহরটিতে। তবে শহরটিতে থেকে যাওয়ার অন্যতম কারণ এর জলবায়ু। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা আসলান বলেন, ‘এরা লস অ্যাঞ্জেলেসেই থেকে যায়, কারণ এখানকার ভূ-প্রকৃতি, মোটরগাড়ির ব্যাপক ব্যবহার, পাহাড়-পর্বত সব ইরানের মতোই।’ তবে শুরুতে লস অ্যাঞ্জেলেসে টিকে থাকাটা এত সহজ ছিল না। ইরানি অভিবাসী ঘরের মেয়ে সারা বলেন, ‘দেখা যেত, আমরা রাস্তার ওপর খেলছি, এমন সময় একটা গাড়ি খুব দ্রুত এসে আমাদের ঘাবড়ে দিল। এরপর আবার জোরে চালিয়ে চলে গেল।’ফরহাদ মোহিতের আরও তিক্ত অভিজ্ঞতা আছে। স্কুলে তাকে গালাগাল দেওয়া হতো, উপনামে ডাকা হতো।অনেক সময় অভিবাসী ইরানিদের তাড়িয়ে দেওয়ার জন্য মিছিল-সমাবেশও করত মার্কিনরা। ফরহাদ বলেন, ‘এসবের চাপে আমি আমার নাম বদলে ফ্রেড হয়ে যাই।’সম্প্রতি ইরানিদের জন্য নতুন ঝামেলা হয়েছে তাদের ‘সন্ত্রাসী’ বা ‘উগ্রপন্থী’ হিসেবে পরিচিতি। অ্যামি মালেক বলেন, ‘শুনতে খারাপ লাগলেও অনেক ইরানি এখন নিজেকে ইতালিবাসী বা গ্রিক হিসেবে পরিচয় দেন। তবে আজকাল ইরানিরা নিজেদের পারসি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।’ সারা বলেন, ‘নিজেদের পার্সি পরিচয় দিয়ে অনেকে ভাবে, তারা খুব সংস্কৃত বা অভিজাত।’ অনেক সময় এমনও হয় যে নিজেকে ইরানি পরিচয় দিলে মার্কিনরা ভাবে, এসব লোকজন তাদের বাড়ির গ্যারেজে ইউরেনিয়াম পরিশুদ্ধ করছে। একজন ইরানি-মার্কিন বলেন, ‘মার্কিনরা আসলে ভালো মানুষ। তবে তারা যা বুঝতে পারে না, তা নিয়ে খুব অসুবিধায় থাকে।’মাহদি কেশাভার্জ বলেন, ‘আমরা যেমন পুরো ইরানি হতে পারছি না, তেমনি মার্কিনও হতে পারছি না। এর চেয়ে ভালো নিজেদের পরিচয় না বদলে যা আছে, তা নিয়েই থাকা। নিজে যা, তা নিয়ে গর্ব বোধ করা।’