যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলোর শেয়ারে ধস
মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ব্যাংকগুলো নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট বারাক ওবামা পরিকল্পনা নিয়েছেন। এরপর ব্যাংকগুলোর শেয়ারে ধস নেমেছে। আজ শুক্রবার ডো জোনসের সূচক কমেছে দুই শতাংশ। জাপানের নিকির সূচকও কমে গেছে। যুক্তরাষ্ট্রের গোল্ডম্যান সাচ, জেপি মর্গান ও ব্যাংক অব আমেরিকার মতো বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারে ধস নেমেছে।এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বড় ব্যাংকগুলো বিপজ্জনকভাবে যে ধরনের বাণিজ্য শুরু করেছে, তাতে তিনি নিয়ন্ত্রণ আনতে চান। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকলেও ব্যাংকগুলোর কর্মকাণ্ডের জন্য অর্থনীতিতে ধস নামতে পারে বলে ওবামা আশঙ্কা করেন। বড় ব্যাংকগুলো সম্পর্কে ওবামার এ ধরনের বক্তব্যের পরেই ব্যাংকগুলোর শেয়ারে ধস নেমেছে। বিনিয়োগকারী বড় ব্যাংক যেমন গোল্ডম্যান সাচের শেয়ারের চার শতাংশ পতন হয়েছে। ব্যাংক অব আমেরিকার ছয় দশমিক দুই শতাংশ শেয়ার এবং জেপি মর্গানের ছয় দশমিক ছয় শতাংশ শেয়ারের পতন হয়েছে।