যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস বন্ধ করে দিয়েছে ইরান
ইরানের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের চালু করা ‘ভার্চুয়াল দূতাবাস’ গতকাল বুধবার বন্ধ করে দিয়েছে তেহরান। তেহরানের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।গতকাল বুধবার হোয়াইট হাউসের ওই বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপের মাধ্যমে ইরান সরকার আবারও তাদের অঙ্গীকার লঙ্ঘন করেছে এবং জনগণের ওপর সেন্সরশিপ আরোপ করেছে।ইরানের নাগরিকদের কাছে পৌঁছানোর জন্য গত মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্র একটি অনলাইন দূতাবাস চালু করেছিল। যুক্তরাষ্ট্র জানায়, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকায় ইরানের সাধারণ নাগরিকদের সঙ্গে যোগাযোগের বাধা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে ইরানের ওপর হস্তক্ষেপ বলে মন্তব্য করে তেহরান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত অক্টোবরে তাঁদের অনলাইন দূতাবাস প্রকল্পের পরিকল্পনা ঘোষণা করলে ইরান ওই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে।ভার্চুয়াল দূতাবাসে মার্কিন ভিসার ব্যাপারে ইংরেজি ও ফারসি ভাষায় প্রয়োজনীয় তথ্য দেওয়া ছিল। এ ছাড়া সেখানে সংযুক্ত এক ভিডিও বার্তায় হিলারি বলেন, এই ওয়েবসাইটের মাধ্যমে মার্কিন ও ইরানি নাগরিকেরা নির্ভয়ে যোগাযোগ করতে পারবেন। কূটনৈতিক সম্পর্ক না থাকায় দুই দেশের জনগণ পারস্পরিক আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ থেকে বঞ্চিত ছিল। কিন্তু প্রযুক্তির সুবিধা ব্যবহারের মাধ্যমে সেই বাধা দূর করে দুই দেশের বৃহত্তর সমঝোতার ব্যাপারে অগ্রসর হওয়া যেতে পারে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের জের ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। ওই বিপ্লবের সময় পশ্চিমাপন্থী শাহ সরকারকে উত্খাত করা হয় এবং পরে তেহরানে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যায়।