যুক্তরাষ্ট্রের মানবহিতৈষী পদক পাচ্ছেন অমর্ত্য সেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সম্মানজনক মানবহিতৈষী পদকের জন্য ভারতের নোবেল জয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নাম ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ ঘোষণা গতকাল শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে। অমর্ত্য সেনসহ আরও আটজন মনীষীকে চলতি বছর এ পদক দেওয়া হবে। ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ওবামা এ নয়জনকে আনুষ্ঠানিকভাবে পদক দেবেন। ইউএস ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেলের ১৬ বছরের ইতিহাসে অমর্ত্য সেনই প্রথম ভারতীয় ও বাঙালি—যিনি এ পদক পাচ্ছেন।হোয়াইট হাউসের ঘোষণায় অমর্ত্য সেনকে একজন অর্থনীতিবিদ ও দার্শনিক বলে অভিহিত করা হয়েছে। দারিদ্র্য, দুর্ভিক্ষ ও অবিচার সম্পর্কে তাঁর গভীর জ্ঞান রয়েছে বলেও এ ঘোষণায় উল্লেখ করা হয়েছে। মানবহিতৈষী পদকের জন্য অমর্ত্য সেনের নাম ঘোষণার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউস বলেছে, ‘নীতিগত বিষয়ে তিনি তাঁর দার্শনিক চিন্তার প্রয়োগ ঘটিয়েছেন, জীবনযাত্রার মান নিরূপণ পদ্ধতি পরিবর্তন করে দিয়েছেন এবং ক্ষুধার বিরুদ্ধে লড়াই সম্পর্কে আমাদের অনুধাবনকে বাড়িয়ে দিয়েছেন।’ যুক্তরাষ্ট্রে ১৯৯৬ সালে প্রচলনের পর এখন পর্যন্ত ১৩৩ জন মানবহিতৈষী পদক পেয়েছেন।উল্লেখ্য, জাতিসংঘের মানব উন্নয়ন সূচক তৈরিতে সহায়তা করেছেন অমর্ত্য সেন। ১৯৯৮ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।