যুক্তরাষ্ট্রের মুখে ভারতের চপেটাঘাত!
ওয়াশিংটনের আহ্বান সত্ত্বেও ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখার নয়াদিল্লির সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের মুখে ভারতের চপেটাঘাত বলে আখ্যা দিয়েছেন এক সাবেক মার্কিন কূটনীতিক। বার্তা সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশ প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-বিষয়ক আন্ডার সেক্রেটারি নিকোলাস বার্নস সমকালীন ঘটনাবলি-সম্পর্কিত দ্য ডিপ্লোম্যাট সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে এ কথা লিখেছেন। নয়াদিল্লির এ সিদ্ধান্ত সম্পর্কে নিকোলাস বার্নস লিখেছেন, ‘আমরা যারা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য কাজ করি, এটা তাদের জন্য খুবই হতাশার খবর।’তেহরানের পরমাণু কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন ও তার মিত্ররা ইরানের ওপর অবরোধ আরোপ করেছে। নয়াদিল্লিকেও এই দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু ওই আহ্বানে সাড়া না দিয়ে ইরান থেকে তেল আমদানি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। নয়াদিল্লির এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন কূটনীতিক নিকোলাস বার্নস দ্য ডিপ্লোম্যাট সাময়িকীতে লিখেছেন, ‘ইরান বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের বাইরে যাওয়ার ভারতীর সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের মুখে চড়ই নয়, এটা তাদের নেতৃত্বের সক্ষমতাকেও প্রশ্নবিদ্ধ করেছে।’উল্লেখ্য, ইরান থেকে ১২ শতাংশ তেল আমদানি করে ভারত।