যুক্তরাষ্ট্রের রাজ্য গভর্নরদের অপসারণের হুমকি দিল চরমপন্থীরা
যুক্তরাষ্ট্রের রাজ্য গভর্নরদের হুমকি দিয়ে চিঠি ও ফ্যাক্স পাঠিয়েছে সে দেশের চরমপন্থীরা। গতকাল শুক্রবার পর্যন্ত কমপক্ষে ৩০টি রাজ্যের গভর্নর এ ধরনের হুমকি পেয়েছেন। এসব চিঠি ও ফ্যাক্সে বলা হয়, তিন দিনের মধ্যে পদত্যাগ না করলে রাজ্য গভর্নরদের অপসারণ করা হবে।যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ঘটনার তদন্ত করছে। রাজ্য গভর্নরদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও, নাশকতার আশঙ্কায় সর্বত্র সতর্কাবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ আশঙ্কা করছে রাজ্য গভর্নরদের হুমকি দিয়ে লেখা চিঠির জের ধরে সহিংসতা ও অপরাধমূলক ঘটনা ঘটতে পারে। গোয়েন্দা বিভাগ ধারণা করছে, এ ঘটনার নেপথ্যে রয়েছে চরমপন্থী গ্রুপ ‘রিস্টোর আমেরিকা প্ল্যান’। এই আন্ডারগ্রাউন্ড রক্ষণশীল গ্রুপটি রাজ্য সরকার ব্যবস্থার বিরোধিতা করে আসছে। ভুয়া আদালত গঠন এবং ভুয়া আইনি আদেশ জারি করে গ্রুপটি যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যের নিয়ন্ত্রণ নিতে চায়। যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্য গভর্নরের মতো হুমকি জানিয়ে লেখা চিঠি পেয়েছেন নেভাদার গভর্নর জিম নিবনস। তাঁর চিফ অব স্টাফ রবিন রেডি জানান, ডাকযোগে আসা এসব হুমকিপূর্ণ চিঠিতে স্বাক্ষরও রয়েছে। উল্লেখ্য, রিস্টোর আমেরিকা প্ল্যান নামক সংগঠনটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শাসনব্যবস্থারও বিরোধী। শ্ব্বেতাঙ্গ চরমপন্থীরাই এ সংগঠনের সঙ্গে গোপনে যুক্ত বলে ধারণা করা হচ্ছে।