যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা
গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আইজ্যাক আঘাত হানার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘোষণা দেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে।আজ মঙ্গলবার রাতে ঝড়টি নিউ অরলিন্স উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৫ সালে এ শহরটিতে হারিকেন ক্যাটরিনা আঘাত হেনেছিল। এতে এক হাজার ৮০০ মানুষের প্রাণহানি ঘটে।এর আগে লুইজিয়ানা, ফ্লোরিডা, মিসিসিপি ও আলাবামা অঙ্গরাজ্যের গভর্নররা নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। প্রেসিডেন্ট ওবামা লুইজিয়ানা অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করায় ওই অঙ্গরাজ্যে কেন্দ্রীয়ভাবে ত্রাণকার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, আইজ্যাক গ্রীষ্মমণ্ডলীয় ঝড় হলেও খুব শিগগির এটি হারিকেনে পরিণত হতে পারে। ঝড়টি আরও শক্তিশালী হয়ে বাতাসের বেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে সতর্ক করা হয়েছে।উত্পত্তিস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় আইজ্যাকের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কর্মকর্তারা।এদিকে হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে ইতিমধ্যে আইজ্যাকের আঘাতে ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া এই ঝড়ের কারণে ক্যারিবীয় অঞ্চলে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।