যুক্তরাষ্ট্রের সংলাপ প্রস্তাব নাকচ করলেন ইরানের সর্বোচ্চ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক গবেষণা প্রকল্প নিয়ে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র যে দ্বিপক্ষীয় সংলাপের প্রস্তাব দিয়েছে, সেটিকে আজ বৃহস্পতিবার নাকচ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ‘দ্য ডন’-এর খবরে বলা হয়েছে, বিমানবাহিনীর কমান্ডারদের উদ্দেশে দেওয়া এক ভাষণে খামেনি সংলাপ প্রস্তাবের বিরোধিতা করেন। ওই ভাষণটির সারাংশ রাষ্ট্রীয় গণমাধ্যমের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।খামেনি বলেন, ‘আপনারা (আমেরিকানরা) আমাদের দিকে বন্দুক বাগিয়ে সমঝোতার প্রস্তাব দিচ্ছেন। আপনাদের এ ধরনের কাজকে ইরানিরা ভয় পায় না।... সমঝোতার প্রস্তাব পেয়ে কেউ কেউ খুশি হয়েছেন, কিন্তু সংলাপের মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না।’ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক গবেষণা থেকে শুরু করে পররাষ্ট্রনীতি নির্ধারণ পর্যন্ত—সব বিষয়ে শেষ কথা বলার অধিকার একমাত্র সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির। তিনি বলেন, ‘আমি কূটনীতিক নই, তবে একজন বিপ্লবী। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তাই আমেরিকানরা এখন যেকোনোভাবে হোক জিততে চায়। এ জন্যই তারা ইরানকে আলোচনার টেবিলে নিয়ে যেতে চায়।’পারমাণবিক গবেষণা নিয়ে জটিলতা নিরসনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খামেনি আজ এ কথা বললেন। গত সপ্তাহে মিউনিখের শান্তি সম্মেলনে জো বাইডেন বলেছিলেন, ‘প্রথমেই আমরা পরিষ্কার করে বলতে চাই, ইরানি নেতারা চাইলে আমরা তাঁদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী।’গতকাল বুধবার ইরানের ওপর নতুন করে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর এক দিন পর খামেনি সংলাপ প্রস্তাবকে নাকচ করে দিলেন। পশ্চিমা দেশগুলো ও ইসরায়েলের ধারণা, পারমাণবিক বোমা তৈরির জন্য ইরান গবেষণা চলাচ্ছে। তবে ইরান দাবি করে আসছে, মহাকাশ গবেষণা ও ওষুধ তৈরিসহ নানা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য তারা পারমাণবিক গবেষণা চালাচ্ছে।