যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন কোনো চুক্তি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সঙ্গে সংযুক্ত আফগানিস্তানের ন্যাটোর স্থল সরবরাহ পথগুলো খোলা নিয়ে কোনো ধরনের সংসদীয় সমাধান থেকে সরে আসেনি সরকার। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার আজ বুধবার এ কথা বলেন। পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের প্রতিরক্ষা কমিটি ন্যাটোর স্থল সরবরাহ পথ পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর হিনা এ মন্তব্য করেন। আজ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর সালালা সেনা নিরাপত্তা চৌকিতে এক বিমান হামলায় ২৪ পাকিস্তানি সেনা হত্যার ঘটনায় আনুষ্ঠানিক ও নিঃশর্ত ক্ষমা চেয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটোর মূল সরবরাহ পথগুলো খোলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান কোনো গোপন চুক্তি করেনি বলেও জানান হিনা। তিনি আরও বলেন, পাকিস্তানের মৌল অবস্থান দৃঢ় রাখতেই আফগানিস্তানগামী ন্যাটোর বহরগুলোকে আট মাস আটকে রাখা হয়েছিল।এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিমান হামলা প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেন। হিলারি বলেন, আমরা পাকিস্তানি সেনাবাহিনীর ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার জন্য পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে কাজ করছি। জানা গেছে, চলতি বছরের এপ্রিলের শুরুতে জাতীয় নিরাপত্তা রক্ষা সংসদীয় কমিটি (পিসিএনএস) প্রণীত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ভবিষ্যত্ সম্পর্কের স্বরূপ-সম্পর্কিত নীতিমালা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয় পাকিস্তানের পার্লামেন্ট। ওই নীতিমালায় চালকবিহীন বিমান (ড্রোন) হামলা বন্ধসহ ন্যাটোর অস্ত্রশস্ত্র ও অন্যান্য সামরিক উপকরণ বহনকারী যানবাহনগুলোর পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে প্রবেশ নিষিদ্ধের কথা বলা হয়। ১৪ পৃষ্ঠার নীতিমালায় বলা হয়, পাকিস্তান সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করবে না। তাই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ক নির্ণীত হবে সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি দুই দেশের পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিপ্রেক্ষিতেই।