যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক একই থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গভীর এবং যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ অগ্রাধিকার পাওয়া রাষ্ট্র।আজ বুধবার সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে বাংলাদেশে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভোট দেওয়ার আয়োজন করা হয়। এ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা যান। সেখানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে গওহর রিজভী এ কথা বলেন।প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, এ নির্বাচনে যে দলই জয়ী হোক, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একই থাকবে। এ সময় সাংবাদিকেরা বলেন, তিস্তা চুক্তি স্বাক্ষর, জলবায়ু তহবিলে অর্থায়নসহ বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে ডোমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা ও রিপাবলিকান প্রার্থী মিট রমনির নীতি ভিন্ন। রমনি জয়ী হলে প্রভাব কেমন হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কিছুটা ঠিক। রমনি ও তাঁর দল জলবায়ু পরিবর্তনের বিষয়টি বিশ্বাস করে না। তবে যুক্তরাষ্ট্রের জনগণ ও বিশ্ব জনমত জলবায়ু পরিবর্তনের কথা জানে ও স্বীকার করে। এই জনমত উপেক্ষা করা কোনো সরকারের পক্ষেই সম্ভব নয়। ক্ষমতার পালাবদলের কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের মৌলিক সম্পর্কগুলোতে কোনো পরিবর্তন আসে না বলেও তিনি মন্তব্য করেন।