যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বেটি ফোর্ডের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বেটি ফোর্ড আর নেই। গতকাল শুক্রবার ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর পারিবারিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। বেটি ফোর্ড সাবেক মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের স্ত্রী। ২০০৬ সালে জেরাল্ড ফোর্ড মারা যান। বেটি ফোর্ডের পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। মৃত্যুর সময় তাঁর শয্যা পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বেটির মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ফার্স্ট লেডি হিসেবে তিনি ছিলেন নারীর স্বাস্থ্য ও অধিকারের একজন বলিষ্ঠ কর্মী।’ যুক্তরাষ্ট্রের ইতিহাসে বেটি ফোর্ডই ছিলেন সবচেয়ে জনকল্যাণমুখী ফার্স্ট লেডি। নারী অধিকার রক্ষা, মাদকাসক্তদের পুনর্বাসন, ক্যানসারবিরোধী সচেতনতাসহ বিভিন্ন জনসেবামূলক কাজে তাঁর ছিল সরব উপস্থিতি। জনগুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন অগ্রগামী।মাদকাসক্তদের পুনর্বাসনে ১৯৮২ সালে ক্যালিফোর্নিয়ায় তিনি বেটি ফোর্ড সেন্টার প্রতিষ্ঠা করেন। এ পর্যন্ত সেখানে লক্ষাধিক মাদকাসক্তের চিকিত্সা ও পুনর্বাসন হয়েছে। বেটি ফোর্ড নিজে স্তন ক্যানসার ও মাদকের বিরুদ্ধে লড়াই করে জয়ী হন। এ বিষয়ে তিনি সচেতনতাও তৈরি করেন। নারী অধিকার রক্ষায় তিনি ছিলেন সক্রিয় কর্মী। বেটি ১৯১৮ সালে শিকাগোতে জন্ম নেন। প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড ছিলেন তাঁর দ্বিতীয় স্বামী। স্বামীর মৃত্যুর পর তিনি ক্যালিফোর্নিয়াতে বাস করছিলেন।