যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের জবাবে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালাবে ইরান। দেশটির ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া রহিম সাফাভি আজ শনিবার এ হুঁশিয়ারি দেন। খবর রয়টার্স।রাষ্ট্রীয় টেলিভিশন প্রেসটিভিকে দেওয়া বক্তব্যে সাফাভি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ইরানের ওপর সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্র ইসরায়েলের সব স্থানেই ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারবে বলে হুঁশিয়ারি দেন তিনি। জানা গেছে, পরমাণু কর্মসূচি বন্ধ না করলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনার কথা বলেছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান শ্যাপিরো। গত মাসে শ্যাপিরোর এ বক্তব্যের আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রাশিয়ায় অনুষ্ঠেয় ছয় বিশ্বশক্তির সঙ্গে পরবর্তী বৈঠকের আগেই পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের প্রতি তাগিদ দিয়েছেন। একই রকম তাগিদ দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকেও। তবে ইরানের সময়ক্ষেপণের ফলে এ বিষয়ে কোনো অগ্রগতি হচ্ছে না বলে সংশয় প্রকাশ করেছে ইসরায়েল।বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন হুমকি দিচ্ছে ইরান। হামলা ঠেকাতে পাল্টা হামলা ছাড়াও হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ তেল রুট বন্ধেরও হুমকি দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে।