যুক্তরাষ্ট্রের স্কুলে আবার গুলি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাইস্কুলের শ্রেণীকক্ষে গুলির ঘটনা ঘটেছে। এতে একজন ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ক্যালিফোর্নিয়ার টাফট ইউনিয়ন হাইস্কুলের কর্মকর্তা জানান, গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। ১৬ বছর বয়সী এক ছাত্র শটগান নিয়ে শ্রেণীকক্ষে ঢুকে তার সহপাঠীদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন ছাত্র আহত হয়। আহত ছাত্রকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। শ্রেণীকক্ষে ওই সময় ২৮ জন ছাত্র ছিল। অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, ওই কিশোর তাঁদের জানিয়েছে, তার দুই সহপাঠী তাকে আজেবাজে কথা বলে পীড়ন করছিল। এ কারণে সে তাদের গুলি করেছে। আগ্নেয়াস্ত্রটি তার ১৯ বছর বয়সী ভাইয়ের বলে জানিয়েছে ওই কিশোর।