যুক্তরাষ্ট্রের স্কুলে গুলিতে ছাত্র নিহত
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো হাইস্কুলের ক্যাফেটেরিয়ায় এক ছাত্রের গুলিতে আরেক ছাত্র নিহত ও চার ছাত্র আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে। রয়টার্স এ খবর প্রকাশ করেছে।নিহত ১৬ বছর বয়সী ড্যানিয়েল পারমেরটর ওই স্কুলের পাশেই অন্য একটি স্কুলে কম্পিউটার সায়েন্সে পড়ত। ঘটনার সময় সে ওহাইয়ো স্কুলের ক্যাফেটেরিয়ায় বাসের জন্য অপেক্ষা করছিল। শিক্ষামন্ত্রী আরনে ডানকান এ ঘটনাকে মর্মান্তিক বলে মন্তব্য করেছেন।ক্লিভল্যান্ডে মেট্রোহেলথ সিস্টেম হাসপাতাল কর্তৃপক্ষ পারমেরটরের পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানায়, সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তাঁর সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যত্।জিওগা কাউন্টির আইন প্রয়োগকারী বিভাগের কর্মকর্তারা জানান, সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে ঘটনার আধা ঘণ্টার মধ্যে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় ধরা গেছে। তবে পুলিশ ওই কিশোর শিক্ষার্থীর নাম আনুষ্ঠানিকভাবে না জানালেও অন্য শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এবং স্থানীয় গণমাধ্যম তাঁর নাম টি জে লেন বলে জানিয়েছে।চার্ডন শহরের পুলিশপ্রধান টিম ম্যাকএনা বলেন, আহত চার ছাত্রের মধ্যে মেট্রোহেলথে চিকিত্সাধীন দুজনের অবস্থা গুরুতর। ঘটনার সময় শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ায় পড়াশোনা ও খাবার খাওয়ায় ব্যস্ত ছিল। সেখানে অবস্থানরত চার্ডন হাইস্কুলের এক শিক্ষার্থী ড্যানিয়েল সেমপলস রয়টার্সকে জানায়, ওই সময় সে অনেক শব্দ শুনতে পায়। এদিকে ঘটনার পর ওই দিন এবং আজকের জন্য শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।