যুক্তরাষ্ট্রের ৪১ অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জায় মৃত ২০
যুক্তরাষ্ট্রের ৪১টি অঙ্গরাজ্যে ইনফ্লুয়েঞ্জা ছড়িয়ে পড়েছে। এতে ইতিমধ্যে ২০ শিশুর মৃত্যু হয়েছে। ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ম্যাসাচুসেটসের বোস্টনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের পরিচালক অ্যান্টনি ফাউসি জানান, কয়েক বছরের মধ্যে এবারই ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। ২০০৩-০৪-এর পর এমন পরিস্থিতি হয়নি।শীত মৌসুমে ইউরোপ-আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া একটি সাধারণ সমস্যা। এতে মাথা ও শরীরে ব্যথা, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া ও জ্বরের মাত্রা বেড়ে যায়। শিশু ও বয়স্কদের ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়ার হার বেশি থাকে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেড়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি কমেছে।এবার অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় মাসাচুসেটসে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। এই অঙ্গরাজ্যের অন্যতম প্রধান নগর বোস্টনের মেয়র টম মেমিনো জানান, ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় নগরে জরুরি অবস্থা জারি করা হয়েছে।পেনসিলভানিয়া রাজ্যের পূর্বাঞ্চলের একটি হাসপাতালের বাইরে তাঁবু খাটানো হয়েছে। ‘ফ্লু’ আক্রান্তদের চিকিত্সাসেবা দিতে অতিরিক্ত সময়ের জন্য কাজ করতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের।চিকিত্সকেরা জনগণকে ‘ফ্লু’ ভ্যাকসিন (প্রতিষেধক) নেওয়ার পরামর্শ দিচ্ছেন। ফার্মেসি এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভ্যাকসিন গ্রহণের হিড়িক পড়েছে। উপসর্গ জটিল হয়ে পড়লে, শ্বাস গ্রহণে অসুবিধা হলে, জ্বরের মাত্রা বেশি হলে দ্রুত হাসপাতালে বা চিকিত্সকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।‘ফ্লু’ মারাত্মকভাবে ছোঁয়াচে হওয়ার কারণে ইতিমধ্যে আক্রান্তদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে স্কুল-কলেজে শিক্ষার্থীদের অনুপস্থিতি বেড়েছে। শিক্ষাদান ব্যাহত হচ্ছে। কর্মচারীর অনুপস্থিতিতে ব্যবসা-বাণিজ্যেও ছন্দপতন ঘটছে।বৃহত্ ব্যবসাপ্রতিষ্ঠান সিয়ার্সের ব্যবস্থাপক ক্রিস্টোফার কলেন জানান, ‘ফ্লু’র কারণে প্রতিদিনই তাঁর প্রতিষ্ঠানে গড়ে পাঁচজন কর্মীকে অনুপস্থিত থাকতে হচ্ছে। জনবল সামাল দিয়ে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না বলে তিনি এ প্রতিবেদককে জানান।চিকিত্সকেরা বলছেন, এবার ফ্লুর প্রাদুর্ভাব বেশ আগেভাগেই দেখা দিয়েছে। একসঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ছে। ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কা করা হচ্ছে।