যুক্তরাষ্ট্রের ৫০ শহরে সমাবেশ বিক্ষোভ মিছিল, আটক ৪০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনকর্মীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ, অবরোধ, ঘেরাও আর পুলিশের ধরপাকড়সহ তুমুল উত্তেজনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ‘অকুপাই ওয়াল স্ট্রিট’ (ওয়াল স্ট্রিট দখল করো) আন্দোলন গতকাল শুক্রবার তৃতীয় মাসে পদার্পণ করেছে।আন্দোলনের দুই মাস পূর্তিতে ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’-এর অংশ হিসেবে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের অন্তত ৫০টি শহরে এবং ইউরোপের কয়েকটি শহরে গত বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় শুধু নিউইয়র্কেই পুলিশের হাতে আটক হয়েছে তিন শতাধিক কর্মী। অন্যান্য শহর থেকে আরও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, লাস ভেগাস, বোস্টন, ওয়াশিংটন, অরেগন ও পোর্টল্যান্ড নগরে অনুষ্ঠিত অকুপাই আন্দোলনের বড় সমাবেশগুলো ছিল মোটামুটি শান্তিপূর্ণ। এসব স্থানে পুলিশের সঙ্গে মৃদু সংঘর্ষ হলেও বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টার কারণে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটে।নিউইয়র্কে আন্দোলনের সূতিকাগার জুকোটি পার্ক থেকে বৃহস্পতিবার সকালে প্রথম দফা মিছিল শুরু হয়। প্রায় এক হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে ওয়াল স্ট্রিটের দিকে এগোতে থাকে। তবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের প্রায় ৫০০ গজ দূরে পুলিশ শক্ত ব্যারিকেড গড়ে তুলে তাদের আটকে দেয়। এ সময় বিক্ষোভকারীরা দল বেঁধে সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা ড্রামের তালে তালে ‘শাট ডাউন ওয়াল স্ট্রিট’ (ওয়াল স্ট্রিট বন্ধ করো) স্লোগান দিতে থাকে। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আন্দোলনকারীরাও পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে। এ সময় উভয় পক্ষের মধ্যে শুরু হয় উত্তেজনা। তবে এ উত্তেজনাকর পরিস্থিতিতেও নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন স্বাভাবিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।নিউইয়র্ক নগরের অন্যান্য এলাকায়ও বৃহস্পতিবার আন্দোলনকারীদের সমবেত হতে দেখা যায়। পরে সন্ধ্যায় ম্যানহাটনের ফলি স্কয়ারে সমবেত হওয়ার আগে নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজ এলাকায় মিছিলে হাজার হাজার বিক্ষোভকারী অংশ নেয়। লস অ্যাঞ্জেলেস নগরে বিক্ষোভকারীরা ব্যাংক অব আমেরিকা ও ওয়ালস ফারেনা ব্যাংকের সদর দপ্তর ঘেরাও করে। এ সময় তারা ‘ব্যাংকে দেওয়া হয় ভর্তুকি আর জনগণকে করা হয় বিক্রি’ স্লোগান দেয়। লস অ্যাঞ্জেলেস থেকে দুই ডজনের বেশি আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এ ছাড়া লাস ভেগাস থেকে ২১ জন; পোর্টল্যান্ড থেকে ২০ জন; ফিলাডেলফিয়া, ম্যানিয়াকেবাসিস ও সেন্ট লুইস থেকে আরও ৬০ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। শিকাগো ও সিয়াটল নগরেও বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে।ইউরোপের বিভিন্ন শহরে সমাবেশ: বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা পার হলেও লন্ডনের সেন্ট পল গির্জার বাইরে বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া আন্দোলনকর্মীরা সেখান থেকে সরে যেতে অস্বীকৃতি জানিয়েছে। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। লন্ডন সিটি করপোরেশন খুব শিগগির তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে।এ ছাড়া সরকারি ব্যয় সংকোচনসহ সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে হাজার হাজার লোক স্পেন ও গ্রিসের এথেন্সে বিক্ষোভ করেছে। যদিও এসব বিক্ষোভকারী ওয়াল স্ট্রিট আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয়।