যুক্তি উপস্থাপন শেষ করতে অতিরিক্ত সময় চেয়েছে আসামিপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করতে অতিরিক্ত দুই দিন সময় চেয়েছে আসামিপক্ষ। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল বুধবার সময় চেয়ে এ আবেদন করা হয়।আবেদনটি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। ট্রাইব্যুনাল গত মঙ্গলবার আসামিপক্ষকে বৃহস্পতিবারের (আজ) মধ্যে যুক্তি উপস্থাপন শেষ করার নির্দেশ দিয়েছিলেন। তবে আসামিপক্ষের আইনজীবী গতকাল সময়ের আবেদন করে ট্রাইব্যুনালকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাঁরা যুক্তি উপস্থাপন শেষ করতে পারবেন না। তাঁদের আরও দুই দিন অতিরিক্ত সময় দরকার। পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।গোলাম আযমের বিরুদ্ধে মামলায় আসামিপক্ষ গত ১০ মার্চ থেকে যুক্তি উপস্থাপন করছে। গতকাল আসামিপক্ষে যুক্তি উপস্থাপন করেন আবদুর রাজ্জাকের ছেলে আইনজীবী এমরান সিদ্দিকী। যুক্তিতে তিনি বলেন, রাষ্ট্রপক্ষ গোলাম আযমের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যেসব অভিযোগ এনেছে, সেগুলো সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে পারেনি।আইনজীবী বলেন, একাত্তরে গোলাম আযম পাকিস্তানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকের সূত্র ধরে গণমাধ্যমে আসা খবরে বলা হয়েছে, তিনি পাকিস্তানের আদর্শের জন্য দুষ্কৃতকারীদের (মুক্তিযোদ্ধা) মোকাবিলা করার কথা বলেছেন। কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে কী ষড়যন্ত্র করেছেন, কোথায় পরিকল্পনা করেছেন—এসব বিষয় রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। এ মামলায় রাষ্ট্রপক্ষ গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ১০ কার্যদিবসে যুক্তি উপস্থাপন করে। যুক্তিতে রাষ্ট্রপক্ষ দাবি করেছে, গোলাম আযমের বিরুদ্ধে আনা সব অভিযোগ তারা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। পাকিস্তানি সেনারা যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালিয়েছে, সেসবের পরিকল্পনা ও ষড়যন্ত্রের সঙ্গে গোলাম আযম জড়িত ছিলেন। পূর্ব পাকিস্তান জামায়াতের আমির হিসেবে ঊর্ধ্বতন অবস্থানে থাকার জন্য তিনি সরাসরি এসব অপরাধ সংঘটনে নির্দেশ দিয়েছেন এবং সংশ্লিষ্ট ছিলেন।