যুক্তির ভিত্তিতে সত্য প্রতিষ্ঠা করার অঙ্গীকারে শুরু হলো বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জলবায়ু পরিবর্তন—আজকের বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ‘প্রথম আলো এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা ২০১০’। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে ১০ম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাব এই বিতর্ক প্রতিযোগিতা চলবে ২৪ মে পর্যন্ত।আজ বুধবার সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী পর্ব।অনুষ্ঠানে বক্তব্য দেন মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হাফিজুল ইসলাম, মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন ফজিলা, ক্লাবের মডারেটর শামীমা আক্তার ও ক্লাবের সভাপতি নাহিয়ান বিন খালেদ। ক্লাব প্রতিবেদন পেশ করেন ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মুহিত হাসান।আব্দুল কাইয়ুম বলেন, বিতর্ক করার মধ্য দিয়ে যুক্তির ভিত্তিতে সত্য প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করে তার্কিকেরা। বিতার্কিকেরা কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় না। সব সময়ই তারা সত্যের চর্চা করে। যারা বিতর্ক করে তারা আবেগে নয়, যুক্তিতে আস্থা রাখে। তিনি বলেন, মাধ্যমিক পরীক্ষায় বর্তমানে প্রচলিত সৃজনশীল পদ্ধতির মূল কথা হচ্ছে, শিক্ষার্থীদের চিন্তার বাস্তবায়ন ঘটানো এবং তাঁদের সৃজনশীল করে তোলা। বিতার্কিকেরা সেই পথে একধাপ এগিয়ে।সৈয়দ হাফিজুল ইসলাম বলেন, বিতর্ক যারা করে, তারা অত্যন্ত মেধাবী। অল্প সময়ের মধ্যে যেকোনো তথ্য উপস্থাপন করে নিজেদের যুক্তি প্রতিষ্ঠিত করতে পারে তারা।মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন ফজিলা জানান, মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের বিতার্কিকদের মধ্যে যারা গত বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁদের প্রত্যেকেই জিপিএ ৫ পেয়েছেন। এটাই প্রমাণ করে, বিতার্কিকেরা সব দিকেই এগিয়ে থাকেন।উদ্বোধনী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় বিতর্ক কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন হাসান মাহমুদ ও অভিষেক জামান। কর্মশালায় প্রায় ৩৫০ জন বিতার্কিক উপস্থিত ছিলেন।আজ প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে শিশুবিতর্কের প্রথম ও দ্বিতীয় পর্ব। কাল রয়েছে শিশুবিতর্কের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। পাঁচ দিনব্যাপী বিতর্কের এই মহোত্সবে ৩৬টি স্কুল দল, ৩২টি শিশু দল ও ২৪টি ক্লাব বিতর্ক দল অংশ নিয়েছে।স্কুল ও ক্লাবের সব বিতর্ক সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে। শিশুবিতর্কের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিযোগিতা হবে সনাতনী ধারায়। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে সংসদীয় ধারায়।এই বির্তক প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী www.prothom-alo.com এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফএম ৮৯ দশমিক ২।