যুগপূর্তির প্রদর্শনী: এগিয়ে যাওয়ার প্রেরণা
সময় এগিয়ে যায়। তার পেছনে ফেরার তাগিদ নেই। সে তাগিদ কেবল মানুষের। কারণ মানুষের পেছনে আছে মূল্যবান অভিজ্ঞতা, আর সামনে অপার সম্ভাবনা। সম্ভাবনাকে বিকশিত করে তুলতে প্রয়োজন অভিজ্ঞতার সাহায্য। তাই সামনে যেতে যেতে বারবার পেছন ফিরে তাকানো; সেখানেই যে এগিয়ে যাওয়ার প্রেরণা।এক যুগ পেরিয়ে প্রথম আলোও তাকিয়েছে ফেলে আসা দিনগুলোর দিকে। অতীতের দর্পণ তুলে ধরেছে সাধারণের সামনেও। সেই দর্পণ যুগপূর্তির বিশেষ প্রদর্শনী।শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে চারটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল এই প্রদর্শনী। ১২ বছরের পত্রিকার উল্লেখযোগ্য সংখ্যা, শিশির ভট্টাচার্য্যের কার্টুন, আলোকচিত্র—এসবের সঙ্গে ছিল পাপেট আর মাইম শো।যুগপূর্তি অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গতকাল সকাল ১০টায় প্রদর্শনী উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক এবিএম মূসা ও শিল্পী কাইয়ুম চৌধুরী। এবিএম মূসা বলেন, প্রথম আলো দেশের নাড়িস্পন্দনের মতো। প্রথম আলো পড়েই বুঝতে পারি, দেশের কী অবস্থা। কাইয়ুম চৌধুরী বলেন, ‘সংবাদের পাশাপাশি প্রথম আলো আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশেষভাবে তুলে ধরছে। একটি সুরুচির মানদণ্ড সৃষ্টি করেছে প্রথম আলো। এই প্রদর্শনীতেও তার প্রমাণ পাওয়া যাবে।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম।সম্মেলনকেন্দ্রের লবিতে সাদা আর লাল ফুল দিয়ে সাজানো ১২ বছর পূর্তি উৎসবের লোগো। সেটি পেরিয়ে ভেতরে ঢুকতেই ১২টি বোর্ডে সাজানো ১২ বছরের পত্রিকা। ১৯৯৮ সালের ৪ নভেম্বর প্রথম দিনের পত্রিকাটির প্রধান সংবাদ শিরোনাম ছিল ‘সুপ্রিম কোর্টে মামলাজট’। তারপর একে একে ১২ বছরের জাতীয় ও আন্তর্জাতিক অজস্র ঘটনাপ্রবাহ। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ থেকে চলতি বছর এভারেস্টের শীর্ষে প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমের লাল-সবুজ পতাকা ওড়ানো। মূল পত্রিকার সঙ্গে ফিচার পাতা ও বিশেষ সংখ্যাগুলো। এসব নিয়ে আক্ষরিক অর্থেই এক যুগের সময়ের দর্পণ হয়ে আছে প্রথম আলো।প্রথম আলো তো কেবল প্রথাগত সাংবাদিকতার মধ্যেই নিজেকে সীমিত রাখেনি। সুসাংবাদিকতার মতোই সমান গুরুত্ব দিয়ে কিছু সামাজিক-মানবিক দায়িত্বও প্রথম আলো তুলে নিয়েছে নিজের কাঁধে। সেই বিপুল কর্মযজ্ঞের কিছু পরিচিতি ছিল এক বড় আকারের বোর্ডে। কত ধরনের কাজ যে করেছে প্রথম আলো! ‘এসিড ছুড়লে রেহাই নেই’, ‘এসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’, ‘সর্বনাশ গলায় ফাঁস’—এসিড-সন্ত্রাস বন্ধ করতেই এ ধরনের শিরোনামের পোস্টার। মাদকের বিরুদ্ধে তো প্রথম আলো রীতিমতো সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই সংগ্রামের সমরাস্ত্র হয়ে আছে ‘কৌতূহলেও কখনো মাদক নেব না’, ‘মাদক কেড়ে নেয় সুস্থ জীবন’, ‘প্রিয় বন্ধু, তোমাকে বলছি/ জীবন আনন্দময়/ মাদককে “না” বলো’—এমন সব স্লোগানের পোস্টার। ‘এসো, মাদক সম্পর্কে সচেতন হই’, ‘মাদককে “না” বলো যুক্তির শক্তিতে’ নামের প্রচার পুস্তিকা। মাদকবিরোধী কনসার্ট, মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রচারপত্র, মাদক ও এসিড-সন্ত্রাসবিরোধী স্টিকার ইত্যাদি। এর সঙ্গে ছিল দিনপঞ্জি, হজ গাইড, দেশি-বিদেশি ক্রীড়াবিদদের নিয়ে পোস্টার, জনসচেতনতামূলক বিভিন্ন স্টিকার থেকে শুরু করে সুন্দরবনকে বিশ্বের সেরা প্রাকৃতিক সপ্তাশ্চর্যের প্রতিযোগিতায় ভোট দিতে উৎসাহিত করতে প্রকাশিত তিন পাতার ফোল্ডার পর্যন্ত বৈচিত্র্যময় প্রকাশনার নমুনা।পায়ে পায়ে এগিয়ে গেলে হাতের বাঁয়ে ৩২টি বোর্ডে শিশির ভট্টাচার্য্যের ১২৮টি বাছাই করা কার্টুন। বড় আকারের এই মূল কার্টুনগুলো দেখার আনন্দই আলাদা। সমকালীন বিভিন্ন বিষয়কে তিনি যেমন তির্যকভাবে নানা পাত্রপাত্রী ও পরিপ্রেক্ষিতের সমন্বয়ে তুলে ধরেছেন, তার আবেদন যে কালোত্তীর্ণ হয়ে গেছে ইতিমধ্যেই, কার্টুনগুলোর সামনে দর্শকদের সাগ্রহ উপস্থিতিতেই তা বোঝা যাচ্ছিল।কার্টুনের অন্য পাশে ৪৪টি বোর্ডে প্রায় ১৪০টি আলোকচিত্র। কলাবাগানের ব্যবসায়ী আলিমুর আবিরের শখ ছবি তোলা। সে কারণেই বিশেষ আগ্রহ নিয়ে এসেছিলেন প্রদর্শনী দেখতে। বললেন, ‘প্রথম আলো নিয়মিত রাখি। অনেক ছবিই পত্রিকার পাতায় দেখেছি। প্রদর্শনীতে ছবিগুলো বড় আকারে দেখার সুযোগ পাওয়া যাবে বলেই চলে এসেছি।’ সিডর, আইলাসহ মানবিক বিপর্যয়ের সময় আর্তমানবতা ও ত্রাণকাজের ছবিগুলো তাঁর হূদয় ছুঁয়ে গেছে।কিছু মজার আয়োজনও ছিল। রস+আলোর স্টলের দেয়ালে ঝোলানো ডার্টবোর্ডে রাজাকারের প্রতিকৃতি (বুলস আই)। চারদিকে আলবদর, আলশামস প্রভৃতি। স্টলের সামনে থেকে তীর ছুড়ে বিদ্ধ করতে হবে। হাতে ছয়টি তীর। এক ওভার। একটি লক্ষ্য ভেদ হলে পুরস্কার একখণ্ড বাঁশ। দুটিতে লোডশেডিংয়ের সময়ের বন্ধু মোমবাতি। স্টলের সামনে লম্বা লাইন। সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র জামশেদ হোসেন একটি লক্ষ্য ভেদ করে পেয়েছেন বাঁশখণ্ড। খুশিতে ডগমগ তিনি।’নকশার স্টলে বসে হাতে মেহেদির নকশা এঁকে নিচ্ছিলেন তরুণীরা। ‘নকশা’ ও পাশেই ‘আনন্দ’র স্টল। এই দুই স্টল সকালে বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষকে নিয়ে ঘুরে গেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ ছাড়া সারা দিনই একের পর এক মডেল তারকা এবং সংগীত ও অভিনয়শিল্পীরা এসেছেন। এঁদের মধ্যে ছিলেন দিতি, মৌমুমী, বাঁধন, শহিদুল ইসলাম সাচ্চু, মোস্তফা সরয়ার ফারুকী, শারমিন লাকী, ইমন, শখ, বিদ্যা সিনহা মীম, দিহান, ফারহানা নিশো, মীম, মিলন, নিরব, সজল, আরফিন রুমী, রূপমসহ অনেকেই। ভিড় জমেছিল ছুটির দিনের স্টলেও, কারণ এখানে বসে একের পর এক বাড়িয়ে দেওয়া করতল দেখে ভবিষ্যৎ বলেছেন স্বনামখ্যাত জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী। প্রথম আলোর সামাজিক কর্মকাণ্ডের বিশদ জানতে আগ্রহীরা প্রথম আলো ট্রাস্টের স্টলে এসেছেন। চাকরির খোঁজ জানতে থেমেছেন প্রথম আলো জবসের স্টলে আর তাজা খবর জানতে আগ্রহীরা গেছেন প্রথম আলো অনলাইনে, ব্রাউজ করেছেন ই-প্রথম আলোতে।একেবারে দক্ষিণ প্রান্তে মঞ্চ। সেখানে ছিল পাপেট আর মাইম শো। যানজট, সন্ত্রাস, দুর্নীতি নিয়ে ‘দেশের আর দোষ কী’ নামে পাপেট শো করেছে ‘জলপুতুল’ পাপেট দল। নির্দেশনায় ছিলেন সাইদুল ইসলাম। আর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা ও একাত্তরের চিঠি পাঠের সঙ্গে দুটি মাইম শো করে নাটুয়া নির্বাক সম্প্রদায়। নির্দেশনা দিয়েছেন দেবাংশু ও বার্নাডেট শুভ্রা।