যুগপৎ কর্মসূচি পালন করবে চারদলীয় জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাসের প্রতিবাদে যুগপৎ কর্মসূচি পালন করবে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট।এ ব্যাপারে আজ রোববার দুপুর ১২টার পর বিএনপি ও জামায়াতে ইসলামী তাদের কর্মসূচি ঘোষণা করবে। তবে জোটের অন্য শরিক দলগুলো কীভাবে কর্মসূচি ঘোষণা করবে, তা এখনো জানা যায়নি। বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতা বলেছেন, তাঁরা পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করলেও কর্মসূচি হবে অভিন্ন। দলীয়ভাবে তাঁরা আগামী বুধ ও বৃহস্পতিবার (৬ ও ৭ জুলাই) হরতাল কর্মসূচি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করেছেন। তবে আজ সকালে দলগুলোর নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ওই সিদ্ধান্ত দুপুরের সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে। এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল শনিবার রাতে গুলশানে নিজ কার্যালয়ে চারদলীয় জোটের শরিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে করণীয় এবং সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জোটের শরিকেরা যুগপৎ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির মধ্যে হরতাল-অবরোধ থাকবে। আজ সকালে দলীয় ফোরামে আলোচনার পর দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ে কর্মসূচি ঘোষণা করা হবে।’ এদিকে বিএনপির প্রেস উইং থেকেও একই সময়ে সংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছে। গতকাল রাতে খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও মহাসচিব শামীম আল মামুন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিসের আমির মো. ইসহাক, মহাসচিব আবদুল কাদের উপস্থিত ছিলেন।